২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিযবুত ‘নেতা’ অভিকে হেফাজতে চায় পুলিশ

রাজশাহীতে গ্রেপ্তার নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরিরের ‘বিভাগীয় প্রধান’ মাহমুদুর রহমান অভিকে রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2015, 04:06 PM

Updated : 22 Aug 2022, 01:14 PM

বৃহস্পতিবার থানায় হস্তান্তর করার পর তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি (আইসিটি) আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান রাজপাড়া থানার ওসি মাহমুদুর রহমান।

ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকালে তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন পুলিশ হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন জানানো হয় বলেও জানান তিনি।

বুধবার ভোরে রাজশাহী মহানগরীর তেরখাদিয়া এলাকার নিজ বাসা থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা অভিকে গ্রেপ্তার করে।

পিবিআইর অতিরিক্ত পুলিশ সুপার এনামুল কবীর জানান, আইএসের সঙ্গে যোগাযোগের কথা অভি স্বীকার করেছে। ইয়েমেনের বংশভূত আইএসের এক নেতার সঙ্গে তার যোগাযোগ ছিল।

তবে বাংলাদেশে তাদের নেতা সম্পর্কে অভি এখনো মুখ খোলেনি বলে জানান তিনি।

রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তার কাছ থেকে হিযবুত তাহরির ও আইএসের বাংলাদশের কর্মকান্ড সম্পর্কে অনেক তথ্য পাওয়া যাবে দাবি করে এনামুল কবীর বলেন, অভি গ্রেপ্তার হওয়ার পর যে ওয়েব পেজে তাদের সংগঠনের প্রচারণা চালানো হয় সেটি ‘তারা রিমুভ’ করে দিয়েছে।

অভির বরাত দিয়ে পিবিআই-এর এই কর্মকর্তা আরও জানান, সাংগঠনিক কর্মকাণ্ড চালানোর জন্য বিদেশ থেকে অর্থ আসত। এছাড়াও তাদের সদস্য ও সমর্থকদের কাছ থেকে চাঁদার মাধ্যমেও অর্থ সংগ্রহ করা হয়।

“তাদের কয়েকটি ব্যাংক একাউন্ট রয়েছে, সেখানে তারা চাঁদার অর্থ জমা দিত বলেও অভি জানিয়েছে।”

এনামুল কবীর জানান, অভির বাবা বজলুর রহমান ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। তিনি সাত বছর লিবিয়ায় চাকরি করেছেন। পাঁচ বছর আগে দেশে ফিরে নগরীর তেরখাদিয়া এলাকা বাড়ি করে সেখানে বসবাস করেন। ওই বাড়ি থেকেই অভিকে গ্রেপ্তার করা হয়।

অভির চাচা বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি বলে জানান এনামুল।

পুরনো খবর:

হিযবুতের ‘রাজশাহী প্রধান’ গ্রেপ্তার