চাঁপাইনবাবগঞ্জে পিটিয়ে যুবক হত্যা
চাঁপাইনবাবগঞ্জের টোকনা গ্রামে ‘পরকীয়া প্রেমের জের ধরে’ এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
নিহত গাজলুর রহমান (২৫) শিবগঞ্জ উপজেলার সাহাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
পিটুনিতে গুরুতর আহত হওয়ার পর চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয় বলে শিবগঞ্জ থানার ওসি ময়নুল ইসলাম জানান।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢোকনা গ্রামের বাশির উদ্দীনের স্ত্রী নাঈমা খাতুনের সঙ্গে গাজলুরের প্রেমের সম্পর্ক ছিল। গাজলুর মঙ্গলবার গভীর রাতে বাশিরের বাড়িতে গেলে পরিবারের লোকজন তাকে বাধা দেয়।
“কথা কাটাকাটির মধ্যে গাজলুর অস্ত্র বের করে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দে স্থানীয় লোকজন এসে গাজলুরকে ধরে পিটুনি দেয়।”
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাজলুরের কাছ থেকে একটি পিস্তল, আটটি গুলি ও ম্যাগাজিন উদ্ধার করে বলে জানান ওসি।
গুরুতর আহত গাজলুরকে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠান। সকালে সেখানেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় বুধবার দুপুর পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
