মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেপ্তার ৪
মেডিকেল ভর্তি পরীক্ষার দুদিন আগে প্রশ্ন ফাঁসের অভিযোগে ঢাকায় চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব, এদের মধ্যে একজন চিকিৎসক এবং একজন একটি কোচিং সেন্টারের শিক্ষক।
মহাখালী ডিওএইচএস থেকে মঙ্গলবার রাতে ওই চারজনকে গ্রেপ্তারের পর বুধবার তাদের সাংবাদিকদের সামনে আনা হয়।
‘ফাঁস করা প্রশ্নপত্রের’ পাশাপাশি তাদের কাছ থেকে ৩৮ হাজার টাকা এবং ১ কোটি ২১ লাখ টাকার ১৩টি চেক জব্দ করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
গ্রেপ্তাররা হলেন- জসিম উদ্দিন ভূঁইয়া (৪১), ডা. জেড এম এ সালেহীন শোভন (৪০), এস এম সানোয়ার (৩০) ও মো. আখতারুজ্জামান তুষার (৩৮)।
র্যাবের তথ্য অনুযায়ী, জসিম পেশায় একজন ব্যবসায়ী। শোভন ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে পাস করে নোয়াখালীতে কাজ করছেন। সানোয়ার ই-হক কোচিং সেন্টারের একজন শিক্ষক এবং তুষার লাইলী-আবেদ কনস্ট্রাকশন নামে একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক।
র্াবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান সাংবাদিকদের বলেন, “এরা দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণার কথা স্বীকার করেছে।”
২০১১ সালে এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র জালিয়াতি চক্রের ২০ সদস্যের সঙ্গে জসিমও র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন বলে মুফতি মাহমুদ জানান। পরে জামিনে কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি।
আগামী শুক্রবার সারাদেশে একযোগে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার আগে এই সপ্তাহজুড়ে কোচিং সেন্টারগুলো বন্ধ রাখার নির্দেশও দিয়েছে পরীক্ষা তত্ত্বাবধানকারী কর্তৃপক্ষ স্বাস্থ্য অধিদপ্তর।
তার মধ্যেই মহাখালী ডিওএইচএসে অভিযান চালিয়ে প্রশ্ন ফাঁসের কথা বলে এই প্রতারক চক্রকে গ্রেপ্তারের কথা জানায় র্যাব।
বাহিনীর মুখপাত্র মুফতি মাহমুদ বলেন, “সাধারণত পরীক্ষার দু’একদিন আগে প্রশ্নপত্র সংগ্রহ করে আগ্রহী পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষার আগে সমবেত করে সরবরাহ করত জসিম।”
তার বক্তব্য অনুযায়ী, তুষারের কাজ ছিল পরিচিত লোকজনদের মধ্যে পরীক্ষার্থী সংগ্রহ করে জসিমের কাছে বুঝিয়ে দেওয়া। শোভন মেডিকেল কলেজে ভর্তি কোচিং ও টিউশনির মাধ্যমে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের মধ্য থেকে কৌশলে অবৈধ উপায়ে ভর্তি হয়ে আগ্রহী পরীক্ষার্থীদের চিহ্নিত করে তালিকা প্রস্তুত করতেন। ‘ফাঁস করা’ প্রশ্নপত্রের ওপর কোচিং করানো ছিল শোভনের কাজ।
গ্রেপ্তারের সময় তাদের কাছে দুটি মডেল টেস্টের ৮৮টি প্রশ্ন ও উত্তরপত্র পেয়েছে র্যাব।
মুফতি মাহমুদ বলেন, “প্রতারক চক্রটি মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্যাকেজের কথা বলে আর্থিক চুক্তি করত। পরীক্ষার আগের দিন প্রশ্নপত্র দেওয়ার মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পছন্দ অনুয়ায়ী মেডিকেল কলেজে ভর্তি করিয়ে দেওয়ার নিশ্চয়তা দেওয়া হত।”
এই চক্রটি কোনো কোনো ক্ষেত্রে অভিভাবকের সঙ্গে সরাসরি যোগাযোগ করত জানিয়ে মাহমুদ বলেন, “শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর চুক্তি মোতাবেক টাকা পরিশোধে টালবাহানা করতে পারে, সেক্ষেত্রে চক্রটি শিক্ষার্থীর মূলসনদ তাদের জিম্মায় রাখত।”
