কমলাপুরে তিন ‘কালোবাজারি’ আটক
ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদের আগাম টিকেট বিক্রির মধ্যেই কালোবাজারির অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
বুধবার সকালে মো. আবু শাহজাহান (৬৩), আল আমিন (৩২) ও সুমন আহমেদ নাসির (৩০) নামের এ তিনজনকে স্টেশন থেকে আটক করা হয়।
তাদের কাছে ১৭টি টিকেট পাওয়া গেছে বলে কমলাপুর রেলওয়ে পুলিশের ওসি আব্দুল মজিদ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “নিরাপত্তার অংশ হিসেবে ক্লোজড সার্কিট ক্যামেরায় নজর রাখা হচ্ছে। ভিডিও ফুটেজ ও গতিবিধি দেখেই কালোবাজারিদের গ্রেপ্তার করা হয়েছে।”
আটকদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী মামলা করা হবে বলে জানান ওসি।
কমলাপুর স্টেশনের ম্যানেজার সীতাংশু চক্রবর্তী বলেন, “সবকিছু সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। আমরা কোনো অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে তা খতিয়ে দেখছি।”
টিকেট বুথ ও সারি কম হওয়ায় টিকেট কিনতে ভোগান্তি বেশি হচ্ছে- এমন অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, “ভবিষ্যতে স্টেশনে স্থান সঙ্কুলান করতে পারলে বুথের সংখ্যা বাড়ানো সম্ভব হবে।”
টিকেট বিক্রির দ্বিতীয় দিনে বুধবার বেলা সোয়া ১২টা পর্যন্ত শ’ তিনেক লোককে কাউন্টারেরে সামনে অপেক্ষায় থাকতে দেখা গেছে।
রংপুরের টিকেট কিনতে আসা হযরত আলী জানান, তিনি সকাল ৮টায় এসে ১০টার দিকে টিকেট পেয়েছেন।
তবে নারীদের লাইনে ভিড় দেখা যায় তুলনামূলক বেশি।
চুয়াডাঙ্গার টিকেট কিনতে আসা সাবিহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেয়েদের কাউন্টার দুইটা হলে ভাল হত। দুই-তিন ঘণ্টা অপেক্ষা করে টিকেট নেওয়া মেয়েদের জন্য অনেক কঠিন হয়ে যায়।”
রংপুরের টিকেট কাটতে আসা লাকি আক্তার জানান, রাত ৩টা থেকে অপেক্ষা করেও সকাল ১০টা পর্যন্ত তিনি টিকেট কিনতে পারেননি।
“এভাবে হলে তো আর সুষ্ঠু ব্যবস্থাপনা হল না। আরও দ্রুত কীভাবে টিকেট দেওয়া যায়- সেই ব্যবস্থা নেওয়া উচিত।”
