অনুমোদিত ইন্টারনেট সেবা: অভিযানে নামছে র্যাব
অনুমোদন ছাড়া ইন্টারনেট সেবা দিচ্ছে বিটিআরসির দেওয়া এমন শতাধিক আইএসপি কোম্পানির তালিকা হাতে নিয়ে অভিযানে নামছে র্যাব।
সম্প্রতি বিটিআরসি শতাধিক আইএসপি কোম্পানির তালিকা র্যাবকে দিয়েছে বলে বাহিনীর গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মাকসুদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তিনি বলেন, “ওই কোম্পানিগুলো সরকারের অনুমতি ছাড়া ইন্টারনেট ব্যবহার করছে। এতে সরকার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। ওই সব কোম্পানির বিরুদ্ধে র্যাব অভিযানে নামছে।”
র্যাব কর্মকর্তা মাকসুদ বলেন, “কিছু ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিনা লাইসেন্সে সংযোগ প্রদান করে আসছে। এরা সরকারি কোনো অনুমতি ছাড়া ইন্টারনেট সংযোগের ব্যবসা করে।”
“সাধারণত একটি বৈধ আইএসপি থেকে ব্যক্তিগত ব্যবহারের নামে একটি ওয়ান ইউজার সংযোগ কিনে নেয় তারা। পরে ওই আইপি ঠিকানা ব্যবহার করে অনেক পাড়া-মহল্লায় সংযোগ প্রদান করে। এদের মতো আরও অনেকেই এখন অবৈধভাবে ইন্টারনেট ব্যবহার করতে চাইছে।”
এতে একটি আইপি ঠিকানায় অসংখ্য ইন্টারনেট ব্যবহারকারী হওয়ায় পরিচয় নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে বলে অপরাধীরা তার সুযোগ নেয়, বলেন র্যাব কর্মকর্তা মাকসুদুল।
“র্যাব এইসব অপরাধীদের ধরতে ব্যাপক অভিযানে নামবে। অভিযানের অংশ হিসেবেই দুটি কোম্পানির মালিককে আটক করা হয়েছে।”
