কীর্তনখোলায় কার্গোর ধাক্কায় স্টিমার বিকল
বরিশালে কীর্তনখোলা নদীতে বালুবাহী কার্গোর ধাক্কায় ঢাকাগামী যাত্রীবাহী স্টীমার ‘পিএস মাহসুদ’ বিকল হয়ে এর যাত্রা বাতিল করা হয়েছে।
মঙ্গলবার রাতে বরিশাল নৌ বন্দর সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে বলে বন্দর কর্মকর্তারা জানিয়েছেন।
মঙ্গলবার দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে ছেড়ে আসা সরকার মালিকানাধীন ‘পিএস মাহসুদ’ বরিশালঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল।
“কিছু দূর যেতেই বিপরীত দিক থেকে আসা বালুবাহী ‘সুগন্ধা’ নামের একটি কার্গো নদীতে স্টিমারটির বাম পাশে ধাক্কা দেয়। এতে বাম পাশের প্যাডেল (পাখা) ভেঙে স্টিমারটি বিকল হয়ে যায়।”
অনেক চেষ্টার পড়েও ভেঙে যাওয়া প্যাডেল মেরামত না হওয়ায় রাত ১০টার দিকে স্টিমারটির যাত্রা বাতিল করা হয়।
বিআইডব্লিউটিসি কর্মকর্তা আবুল কালাম জানান, আটকে পড়া যাত্রীদের নৌ পুলিশের সহযোগিতায় উদ্ধার করে লঞ্চঘাটে পৌঁছে দেওয়া হয়। ফেরত দেওয়া হয় যাত্রীদের টিকেটের টাকাও।
