বাংলাদেশের প্রশংসায় অতুল খের
বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করেছেন সফররত জাতিসংঘের ডিপার্টমেন্ট অফ ফিল্ড সাপোর্ট (ডিএফএস) এর আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খের।
মঙ্গলবার জাতিসংঘের এই কর্মকর্তা গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত বিপসট পরিদর্শন করেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
তিন দিনের সফরে গত ১৩ সেপ্টেম্বর বাংলাদেশ আসেন অতুল খের।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অতুল খেরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বিপসট কমান্ড্যান্ট মেজর জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমানের সঙ্গে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের উপর মতবিনিময় করেন।
পরিদর্শনকালে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ড এবং বিপসটের প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করা হয়। পরবর্তীতে তারা বিপসট এর বিভিন্ন প্রশিক্ষণ সুবিধাদিও ঘুরে দেখেন।
এছাড়া তারা জাতিসংঘ উদ্বাস্তু ক্যাম্পে বসবাসরত অসামরিক ব্যক্তিবর্গের উপর বিদ্রোহী দলের আক্রমণ ও হামলার প্রেক্ষিতে শান্তিরক্ষী বাহিনীর উদ্ধার অভিযানের মহড়া দেখেন।
এ সময় অতুল খের বাংলাদেশের শান্তিরক্ষীদের অবদানের উচ্ছ্বসিত প্রশংসা করেন।
