কলেজছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড
গাজীপুরের কালীগঞ্জে এক কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেয় বলে কালীগঞ্জ থানার ওসি মুস্তাফিজুর রহমান জানান।
দণ্ডিত নাজমুল হাসান (২০) উপজেলার শিংলাব গ্রামের নুরুল আমিনের ছেলে।
ওসি বলেন, কালীগঞ্জের শ্রমিক বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির ওই ছাত্রীকে কলেজে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করতো নাজমুল হাসান।বিষয়টি ওই ছাত্রী তার অভিভাবকদের জানায়।
“মঙ্গলবার সকালে মেয়েটির অভিভাবকরা ইউএনওকে ঘটনা জানালে উপজেলার দোলন বাজার এলাকা থেকে নাজমুলকে আটক করে আনে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক বছরের দণ্ড দেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা।”
