২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে অপহৃত কলেজছাত্রের লাশ উদ্ধার

মানিকগঞ্জের শিবালয় থেকে অপহরণের তিন দিন পর সাভারের বংশী নদী থেকে কলেজছাত্র মনিরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2015, 07:59 PM

Updated : 22 Aug 2022, 01:12 PM

রোববার বিকালে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিদল হরিণধরা চামড়াশিল্প নগরীর পাশের বংশী নদী থেকে তার লাশ উদ্ধার করে জানান সাভার মডেল থানার এসআই নাছির উদ্দিন শেখ।

মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া গ্রামের প্রবাসী মো. পরশ আলীর ছেলে মনির হোসেনকে (২০) বৃহস্পতিবার সন্ধ্যায় অপহরণের পর তার পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল।

মনির মানিকগঞ্জের খান বাহাদুর কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল।

এ ঘটনায় জড়িত সন্দেহে শনিবার ছয় জনকে গ্রেপ্তার করে পুলিশ।

এসআই নাছির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাশের হাত-পা রশি দিয়ে এবং গলায় দুটি কংক্রিটের পোটলা বাঁধা ছিল।

“লাশটি বিকৃত হয়ে গেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

এদিকে গ্রেপ্তার ছয়জনকে রোববার ঢাকার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার এসআই মোফাজ্জল হোসেন।

এসআই মোফাজ্জল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই চক্রটিই এর আগে সাভার বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির ছাত্র মনজুর আলী মুন্নাকে অপহরণের পর হত্যার কথা প্রাথমিক জিজ্ঞাসবাদে স্বীকার করেছে।

“ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ১৬৪ ধারায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হচ্ছে।”

পুরনো খবর:

অপহরণের পর কলেজ ছাত্রকে হত্যা, গ্রেপ্তার ৬