বরিশাল, রংপুর ও ময়মনসিংহে ভারতীয় ভিসা সেন্টার
বরিশাল, রংপুর ও ময়মনসিংহে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
রোববার দুপুরে ফিতা কেটে ও প্রদীপ প্রজ্বালন করে বরিশালে ‘ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র’ উদ্বোধন করেন বাংলাদেশে দেশটির হাই কমিশনার পংকজ শরণ।
একই সময়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর ও ময়মনসিংহের ভিসা আবেদন কেন্দ্রেরও উদ্বোধন করেন তিনি।
উদ্বোধন অনুষ্ঠানে ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির উদ্ধৃতি দিয়ে হাই কমিশনার বলেন, ভারত ও বাংলাদেশ শুধু পাশাপাশি নয়। ভারত ও বাংলাদেশ এক সঙ্গে রয়েছে।
স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার সহযোগিতায় বরিশাল নগরীর হাসপাতাল রোড এলাকায় অবস্থিত কেন্দ্রে বরিশাল বিভাগের ছয় জেলার মানুষ ভিসার জন্য আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।
উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাই কমিশনার বলেন, “দালাল ও এজেন্টদের ব্যাপারে পুরোপুরি কঠোর অবস্থানে আমরা। কোনো ভিসা আবেদনকারীর কাছ থেকে এ ধরনের অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হবে।”
ময়মনসিংহ প্রতিনিধি জানান, দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ময়মনসিংহে ভারতীয় ভিসা দরখাস্ত কেন্দ্র উদ্বোধন করেন পংকজ শরন।
ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার হেড অব ক্রেডিট উত্তম কুমার সাহা জানান, ময়মনসিংহ শহরের মাসকান্দা এলাকায় প্রধান সড়কের পাশে একটি ভাড়া করা বাসার দ্বিতীয় তলায় এ সেন্টারটি স্থাপন করা হয়েছে।
“সোমবার (১৪ সেপ্টেম্বর) থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভিসার জন্য আবেদনপত্র গ্রহণ হবে।
“ময়মনসিংহে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে ময়মনসিংহের জামালপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ সদর, নেত্রকোণা, শেরপুর ও টাঙ্গাইল জেলার আবেদনকারীগণ ভিসার আবেদন করতে পারবেন।”
ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও পৌর মেয়র ইকরামুল হক টিটু বলেন, ময়মনসিংহে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র হওয়ায় ভিসা নিয়ে ঢাকায় গিয়ে ভোগান্তির দিন শেষ হলো।
