শিক্ষার্থীরা ফের রাস্তায়, বিভিন্ন সড়কে অবরোধ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে আবারও ঢাকার কয়েকটি স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
রোববার সকালে উত্তরার আবদুল্লাহপুর, প্রগতি সরণীর মেরুল ও রামপুরা, কাকলিতে বিমানবন্দর সড়ক, মহাখালীতে গুলশানমুখী সড়ক এবং ধানমণ্ডির কয়েকটি অংশে শিক্ষার্থীদের অবরোধ ও বিক্ষোভের ফলে যানচলাচল বন্ধ হয়ে শুরু হয় জনভোগান্তি।
গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এক দিকে বিভিন্ন স্থানে চলাচল বিঘ্নিত হয়, অন্যদিকে কিছু রাস্তা একেবারে ফাঁকা হয়ে যায় যানবাহন না থাকায়। দুই কারণেই ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। দুপুরে বহু মানুষকে পায়ে হেঁটে গন্তব্যের পথে রওনা হতে দেখা যায়।
সোমবার আবারও একই কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে শিক্ষার্থীরা সরে গেলে বিকাল ৫টার পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।
সকাল সাড়ে ১০টার দিকে আফতাবনগরের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বেরিয়ে এসে রামপুরা ব্রিজ ও মেরুল বাড্ডার মধ্যবর্তী সড়ক অবরোধ করে। ফলে রামপুরা থেকে প্রগতি সরণী ও রামপুরা থেকে মৌচাকমুখী সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
মেরুল বাড্ডার বাঁশ পট্টি থেকে বাঁশ নিয়ে আন্দোলনকারীরা রাস্তায় ব্যারিকেড দেয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের একজন প্রতিবেদক।
সেখানে কর্তব্যরত এসআই মেহেদী মাকসুদ বলেন, “আমরা সকালে অনুরোধ করেছিলাম সড়ক অবরোধ করে ভোগান্তিতে ফেলবেন না। বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নিন। তবে তারা আমাদের কথা শোনেনি।”
আন্দোলনে থাকা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী মোহাম্মদ রায়হান বলেন, “আমরা সড়ক অবরোধ করেছি, তবে যেসব শিশু স্কুলে যাচ্ছে, বৃদ্ধ বা অসুস্থ যারা এম্বুলেন্সে যাচ্ছেন; সংবাদকর্মী, প্রতিবন্ধী- তাদের আমরা যেতে দেব।”
ইস্ট ওয়েস্টের পরপরই সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বনানীর কাকলি মোড়ে মিছিল শুরু করে। এর ঘণ্টাখানেক পর সেখানে এলোপাতাড়ি কয়েকটি বাস রেখে তৈরি করা হয় ব্যারিকেড। ফলে বিমানবন্দর সড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়।
মহাখালীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমে তাদের ক্যাম্পাসের সামনে রাস্তা আটকে পরে মিছিল নিয়ে গুলশান ১ এর দিকে অগ্রসর হয়। ফলে গুলশান ১ থেকে মহাখালীর পথেও যান চলাচল বাধাগ্রস্ত হয়।
আবদুল্লাহপুর ও হাউজ বিল্ডিংয়ে শিক্ষার্থীদের অবরোধের কারণে টঙ্গীর দিক থেকে যাতায়াত বন্ধ হয়ে যায়। সেখানে আন্দোলনে দেখা যায় আইইউবিএটি, উত্তরা ইউনিভার্সিটি ও বিইউএফটি’র শিক্ষার্থীদের।
ট্রাফিক পুলিশের উপ কমিশনার প্রবীর কুমার রায় দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাউজ বিল্ডিং এলাকায় রাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা বসে আছেন। ওই এলাকায় গাড়ি চলতে পারছে না।”
ওই এলাকায় পুলিশ কয়েকজনকে আটক করেছে বলে শোনা গেলেও পুলিশের পক্ষ থেকে পরে আর এ বিষয়ে কিছু জানানো হয়নি।
এদিকে জিগাতলার উত্তর পাশে ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিছিলের কারণে বেলা ১১টার দিকে সাত মসজিদ রোডের রাস্তার একপাশ আটকে যায়। একই সময়ে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধানমন্ডি ১৫ নম্বর সড়কে নিজেদের ক্যাম্পাসের সামনে অবস্থান নেয়।
আর শংকর পেরিয়ে ২৭ নম্বর সড়কের দুই মাথায় জড়ো হয়ে আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তা আটকে মিছিল শুরু করলে মোহাম্মদপুর থেকে জিগাতলার দিকে এবং শংকর থেকে মিরপুর রোডে চলাচলের পথ বন্ধ হয়ে যায়।
ধানমন্ডিতেই অন্তত ১২টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, যেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভ্যাটবিরোধী এই আন্দোলনে রয়েছে। বাংলাদেশ মেডিকেল, নর্দান, পপুলারসহ বিভিন্ন বেসরকারি মেডকেল কলেজের শিক্ষার্থীদেরও এদিন আন্দোলনে দেখা যায়।
জনভোগান্তি কমাতে দুপুরে বাড্ডা থানা মোড় থেকে হাতিরঝিল, বাড্ডা থেকে গুলশান ১ হয়ে হাতিরঝিল, রামপুরা থেকে হাতিরঝিলে তিনটি ডাইভারশন তৈরি করা হয় বলে ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার (উত্তর) আবু ইউসুফ জানান।
এছাড়া সাত মসজিদ রোডের গাড়ি রাসেল স্কয়ার ও পান্থপথ দিয়ে বের করে দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে ট্রাফিক পুলিশ।
গত বৃহস্পতিবার শিক্ষার্থীদের ভ্যাটবিরোধী বিক্ষোভে ঢাকা অচল হয়ে পড়লে সরকারের পক্ষ থেকে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর প্রযোজ্য সাড়ে ৭ শতাংশ ভ্যাট শিক্ষার্থীদের দিতে হবে না, ওই টাকা দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
তবে শিক্ষার্থীদের আশঙ্কা, ভবিষ্যতে ফি বাড়িয়ে ছাত্রদের পকেট থেকেই ওই টাকা আদায় করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সরকারের আশ্বাসে শিক্ষার্থীদের একটি অংশ আন্দোলন থেকে সরে গেলেও অপর একটি অংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে শনি থেকে সোমবার তিন দিনের ছাত্র ধর্মঘট চলছে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে।
