২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী হত্যার অভিযোগে নওগাঁয় এক ব্যক্তি গ্রেপ্তার

ঢাকার সাভারে স্ত্রীকে হত্যার অভিযোগে নওগাঁর মহাদেবপুর থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2015, 09:25 PM

Updated : 26 Jul 2022, 12:05 PM

শনিবার সকালে শরিফুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করা হয় বলে জানান মহাদেবপুর থানার ওসি সাবের রেজা আহমেদ।

শরিফুল ওই উপজেলার বেলঘরিয়া গ্রামের গোলাম রাব্বানীর ছেলে।

নিহত রাশেদা খাতুন (২৫) ছিলেন বেলঘরিয়ার পার্শ্ববর্তী বাগাচারা গ্রামের মোসলেম উদ্দিন টুরুর মেয়ে।

ভীমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্র জানান, সাত মাস আগে রাশেদাকে বিয়ে করেন শরিফুল। এর পর থেকেই তারা সাভারের বাইপাইলে একটি বাসায় ভাড়া থাকতে শুরু করেন।

“শুক্রবার রাত ৮টার দিকে শরিফুল বাসায় ফিরে রাশেদাকে ঘরের ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায় বলে শরিফুল জানিয়েছে। এরপর বাসার মালিক তাকে লাশসহ রাতেই বেলঘরিয়ায় পাঠিয়ে দেয়।”

রাশেদার মৃত্যুর কারণ সম্পর্কে শরিফুল কিছু বলেনি বলেও জানান রামপ্রসাদ।

তবে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত এবং নাক-মুখ দিয়ে রক্ত পড়ার চিহ্ন ছিল জানিয়ে ওসি বলেন, ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় রাশেদার বড় বোন বাদী হয়ে মহাদেবপুর থানায় একটি হত্যা মামলা করেছেন।