ছিটমহলে ১৭০ কোটি টাকার প্রকল্প
বিলুপ্ত হওয়া বাংলাদেশের ১১১টি ছিটমহলে উন্নয়ন কাজে এলজিইডি প্রায় ১৭০ কোটি টাকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে।
শুক্রবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার বিলুপ্ত গারাতি ছিটমহল পরিদর্শনে এসে এলজিইডির প্রধান প্রকৌশলী শ্যামাপ্রসাদ অধিকারী এ তথ্য জানান।
এলাকা পরিদর্শনের পর তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও সেখানকার বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন।
ওই সময় স্থানীয় সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে প্রধান প্রকৌশলী বলেন, পাকা রাস্তা, ব্রিজ-কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক প্রভৃতি প্রকল্প অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তবায়িত হবে।
পঞ্চগড়ের বিলুপ্ত ৩৬টি ছিটমহলে ১১৫ কিলোমিটার সড়ক পাকাকরণ, ১৯৪ মিটার ব্রিজ-কালভার্ট এবং ১০টি গ্রামীণ বাজার নির্মাণ আগামী ডিসেম্বরের মধ্যে শুরু হবে বলে জানান তিনি।
