২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা মামলায় দেবর-ভাবির যাবজ্জীবন

পিরোজপুরে একটি হত্যা মামলায় স্ত্রী ও ছোট ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2015, 06:59 PM

Updated : 22 Aug 2022, 01:11 PM

বৃহস্পতিবার জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নাজিমুদ্দৌলা আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কাউখালী উপজেলার বেতকা গ্রামের কাবিল হাওলাদারের স্ত্রী নাছিমা বেগম (২০) ও  কাবিলের ছোট ভাই হাবিবুল  হাওলাদার (২২)।

একই মামলায় অন্য একটি ধারায় এ দুজনকে সাত বছর করে কারাদণ্ড ও তিন হাজার টাকা করে জরিমানা করা হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী খান মো. আলাউদ্দিন।

মামলার নথি থেকে জানা যায়, কাবিলের স্ত্রী নাছিমা বেগমের সঙ্গে দেবর হাবিল হাওলাদারের প্রেমের সম্পর্ক ছিল।

২০০৭ সালের ১২ জুলাই রাতে কাবিল, নাছিমা ও হাবিল একসঙ্গে ভাত খেয়ে ঘুমাতে যান।

রাত ৩টার দিকে হাবিল তার ভাবিকে ঘুম থেকে জাগায়। পরে পূর্ব পরিকল্পনা অনুসারে কাবিলকে ঘুমন্ত অবস্থায় গলায় তোয়ালে পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালায়।

এ সময় কাবিল চিৎকার করলে আসামিরা তার মাথা ও মুখমণ্ডলে ধারালো দা  দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে এবং তার  লাশ পাশের খালে ফেলে দেয়।

দুদিন পর লাশ উদ্ধার করে পুলিশ।