ঢাবির দুই হলের ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের এক ছাত্রকে মারধরের জের ধরে ওই হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাংচুরের ঘটনা ঘটেছে।
বধুবার বিকালে জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের কর্মী হারুনুর রশীদকে বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের একদল কমী মারধর করলে এ ঘটনা ঘটে।
হারুন বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের ছাত্র।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, বিকেলে হারুন বিজয় একাত্তর হলের ডিপার্টমেন্টাল স্টোরে বাকি চান। এসময় স্টোরের মালিক তার পরিচয় জানতে চাইলে তিনি একাত্তর হলের ছাত্র পরিচয় দেন। সন্দেহ হলে বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের কর্মী তৃতীয় বর্ষের শিক্ষার্থী সোহাগ তার আইডি কার্ড দেখতে চান। আইডি কার্ড দেখাতে ব্যর্থ হলে সোহাগ ও হলের আরও কয়েকজন ছাত্রলীগ কর্মী হারুনকে মারধর করেন।
এ খবর ছড়িয়ে পড়লে জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের কর্মীরা রড ও লাঠিসোটা নিয়ে বিজয় একাত্তর হলে হামলা চালায়। হলের গেইট ও ফটোকপির দোকানে ভাংচুর করে তারা। এসময় বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে তাদের ধাওয়া দেয়।
পরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী এবং ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বিজয় একাত্তর হলের ছাত্রলীগের সভাপতি ইনান আহমেদ বলেন, “স্টোর মালিকের অভিযোগ, হারুন আগেও একাত্তর হলের ছাত্র পরিচয় দিয়ে সেখান থেকে বাকি নেয়। কিন্তু টাকা চাইলে সে উদ্ধত আচরণ করে। তার পরিপ্রেক্ষিতে হলের সাধারণ শিক্ষার্থীরা তাকে মারধর করেছে।”
ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান বলেছেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে প্রক্টর বলেন, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে বিষয়টি মীমাংসা করা হয়েছে।”
