১৪ লাখ ইয়াবা উদ্ধারের ৭ মাস পর মামলা
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি মাছ ধরা ট্রলার থেকে ১৪ লাখ ইয়াবা উদ্ধারের সাত মাস পর মামলা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গত ফেব্রুয়ারিতে নৌবাহিনীর সদস্যরা ট্রলারটি আটকের পর ১৫ লাখ ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছিলেন, পরে গণনা করে ১ লাখ কম পাওয়ার কথা জানানো হয়।
ওই ঘটনায় বুধবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো-উপ অঞ্চলের তত্ত্বাবধায়ক চৌধুরী ইমরুল হাসান বাদী হয়ে নগরীর পতেঙ্গা থানায় মামলা করেন।
মামলায় আসামিরা হলেন- ট্রলার মালিক রাজীব দাশ, তার সৎভাই খোকন দাশ, তাদের প্রতিনিধি জাহাঙ্গীর আলম ও ট্রলারের মাঝি মো. সেকান্দার। এরা সবাই পলাতক।
ট্রলারটির মালিক কে, তা নিশ্চিত হতে এত সময় লেগেছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
ইমরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ট্রলারের মালিকানা খুঁজে এবং অনুসন্ধান করে মামলাটি করা হয়েছে।”
গত ৪ ফেব্রুয়ারি গভীর রাতে বন্দরের বহির্নোঙরের ১ নম্বর বয়া এলাকায় ‘এফবি রাজীব’ নামে মাছ ধরার ট্রলার থেকে এই ইয়াবা উদ্ধার করে নৌবাহিনীর ‘এন্টি স্মাগলিং সেলের’ টহল দল।
এই ইয়াবা উদ্ধারের ঘটনায় মামলাটি হয়েছে
এই চালানটিকে বাংলাদেশের ইয়াবার সবচেয়ে বড় চালান বলে দাবি করেন নৌ বাহিনীর কর্মকর্তারা।
বাহিনীর ‘এন্টি স্মাগলিং সেলের’ ভারপ্রাপ্ত কর্মকর্তা কমান্ডার এসএম আতিকুর রহমান বলেছিলেন, “ট্রলারটি দক্ষিণ দিক থেকে চট্টগ্রামের দিকে আসছিল। ধারণা করা হচ্ছে, পাশ্ববর্তী কোনো দেশ থেকে ইয়াবাগুলো আনা হচ্ছে।”
তাৎক্ষণিকভাবে নৌবাহিনী কর্মকর্তারা ‘এফবি রাজীব’ ট্রলারটির মালিকানা যাচাই করতে না পারায় ইয়াবাগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে এবং ট্রলারটি কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুসন্ধানে জানা যায়, এফবি রাজীব ট্রলারটির আগে নাম ছিল এফবি সুমন। রাজীব ও খোকন ২০১৪ সালের ২৩ অগাস্ট বাঁশখালী উপজেলার দুর্যোধন দাশের কাছ থেকে কিনে নিয়ে নাম পরিবর্তন করেন।
ফাঁস জাল ব্যবহারের কারণে গত বছরের ২৩ সেপ্টেম্বর সামুদ্রিক মৎস্য অধিদপ্তর ট্রলারটি আটক করেছিল। এরপর গত ৩ জানুয়ারি ট্রলার মালিক রাজীব ও খোকনের প্রতিনিধি জাহাঙ্গীর ৩০ হাজার টাকা জরিমানা দিয়ে তা ছাড়িয়ে আনেন।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ইমরুল জানান, সাত মাস অনুসন্ধান করে ট্রলারের মালিকানা বের করে মামলাটি করা হল।
পতেঙ্গা থানার ওসি আলমগীর হোসেন বলেন, মামলাটি থানায় নথিভুক্ত হয়েছে। তবে তদন্ত করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
