রাজধানীতে অপহৃত নারী উদ্ধার
ঢাকার মোহাম্মদপুর থেকে দুদিন আগে অপহৃত এক নারীকে উদ্ধার করেছে পুলিশ।
লাকী (৫০) নামের ওই সংগীত শিল্পীকে গত সোমবার একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার পর টেলিফোনে স্বজনদের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল।
মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মধ্যরাতে ওই নারীকে মুন্সীগঞ্জের গজারিয়া থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গজারিয়া ও ঢাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।”
গ্রেপ্তার তিনজন হচ্ছে, হান্নান, সেন্টু এবং দীন ইসলাম। প্রথম দুজন ঘটনার সঙ্গে সরাসরি জড়িত বলে পুলিশের দাবি।
উদ্ধার লাকীর ভাই আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত সোমবার দুপুরে নিজের আদাবরের বাস থেকে কাছেই এক বান্ধবীর বাসায় বেড়াতে যান লাকী। সেখানে দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নেওয়ার সময় লাকীর মোবাইলে একটি ফোন আসে এবং তাকে ঢাকা উদ্যানে যেতে বলা হয়।
ঢাকা উদ্যানে যাওয়ার কথা বলে লাকী ওই বাসা থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পর বান্ধবীকে ফোন করে তিনি বলেন, কে বা কারা তাকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যাচ্ছে। এরপর বিস্তারিত জানানোর আগেই তার মোবাইল বন্ধ হয়ে যায় বলে আরিফ জানান।
এর পরপরই তাদের বোন ফাতেমাকে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয় এবং টাকা না দিলে লাকীর ক্ষতি হবে বলে হুমকি দেওয়া হয়।
এই পরিস্থিতিতে মোহাম্মদপুর থানায় পুরো ঘটনা জানিয়ে একটি সাধারণ ডায়েরি করেন আরিফ।
ওই জিডির ভিত্তিতে লাকীকে উদ্ধারে মঙ্গলবার থেকে পুলিশ অভিযান শুরু করে বলে মোহাম্মদপুর থানার ওসি জালাল উদ্দিন মীর জানান।
লালন সংগীত শিল্পী লাকী মোহাম্মদপুর থানায় বসে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাকে গাড়িতে উঠানোর সঙ্গে সঙ্গে তিনি তার মোবাইল থেকে ফোন করে তার বান্ধবীকে জানিয়েছিলেন। এরপরই দুর্বৃত্তরা তার মোবাইল ফোন কেড়ে নেয়।
“এরপর তারা একটি কাপড় দিয়ে চোখ বেঁধে ফেলে এবং গভীর রাতে একটি টংঘরে নিয়ে চোখ খুলে দেয়।”
ঘরটি নদীর তীরে ছিল এবং তাকে মেঝেতে ফেলে রাখা হয় বলে জানান লাকী।
ওসি জানান, এর মধ্যে তারা দুই-তিনবার স্থান পরিবর্তন করেছিল।
“আসামিদের গ্রেপ্তারের জন্য কৌশল নেওয়া হয়েছিল। মুক্তিপণের টাকা দেওয়ার কথা বলেই তাদের সঙ্গে যোগাযোগ করে লাকীর কাছাকাছি পৌঁছে যায় পুলিশ,” বলেন তিনি।
