এএসআইয়ের বিরুদ্ধে ভারতীয়কে ছিনতাইয়ের অভিযোগ
রাজধানীর রমনা থানার এক সহকারী উপপরিদর্শকের বিরুদ্ধে ভারতীয় এক নাগরিককে ধরে থানায় নিয়ে টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ভারতীয় নাগরিক নারায়ণ সাহা মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রমনা থানার এএসআই ফারুক হোসেন আগের রাতে শেরাটন হোটেলের সামনে থেকে তাকে ধরে থানায় নিয়ে যান।
“রাত সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত হাজতে রেখে ১২ হাজার টাকা, একটি সোনার চেইন ও সোনার আংটি রেখে আমাকে ছেড়ে দেওয়া হয়।”
তিনি বলেন, রাতে গেন্ডারিয়া থেকে রিকশায় করে এক আত্মীয়ের বাসায় যাওয়ার পথে ওই পুলিশ সদস্য তাকে আটক করে। সবকিছু নিয়ে ছেড়ে দেওয়ার সময় তিনি পাঁচশ টাকা দেন।
এ বিষয়ে রমনা থানার ওসি মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটা ভুল বোঝাবুঝি হয়েছে। এ ঘটনায় এএসআই ফারুক হোসেনের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
