২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেল করা ৫৯৯ শিক্ষার্থী পাস

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল চ্যালেঞ্জ করে দশটি শিক্ষাবোর্ডের মধ্যে নয় বোর্ডে ৫৯৯ জন ‘অকৃতকার্য’ শিক্ষার্থী পাস করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2015, 09:52 PM

Updated : 22 Aug 2022, 01:10 PM

এছাড়া জিপিএ তে পরিবর্তন এসেছে এক হাজার ৭১৫ জন শিক্ষার্থীর।

মঙ্গলবার এইচএসসি ও সমমানের পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়। শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রকরা রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফলের বিস্তারিত জানান।

তবে রাত সাড়ে ৯টা পর্যন্ত সিলেট বোর্ডে কতজন নতুন করে পাস করেছেন তা জানা যায়নি।

হরতাল-অবরোধের মধ্যে অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যায় বড় ধরনের হোঁচট লাগে।

এই পরীক্ষায় এ বছর ৬৯ দশমিক ৬০ শতাংশ শিক্ষার্থী পাস করলেও গত বছর এই হার ছিল তারও প্রায় নয় শতাংশ বেশি; ৭৮ দশমিক ৩৩ শতাংশ।

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ১০ লাখ ৬১ হাজার ৬১৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করে সাত লাখ ৩৮ হাজার ৮৭২ জন। ফল প্রকাশের পর তা চ্যালেঞ্জ করে ৩ লাখ ১০ হাজার ৭৯টি উত্তরপত্র পুনঃনিরীক্ষার আবেদন করে।

ঢাকা বোর্ডে ফল চ্যালেঞ্জ করে সর্বোচ্চ ১৫৬ জন শিক্ষার্থী ফেল থেকে নতুন করে পাস করেছে।

এছাড়া কুমিল্লা বোর্ডের ৫৩ জন, যশোর বোর্ডের ৯৭ জন, চট্টগ্রামের ৬৬ জন, দিনাজপুরের ২০ জন, বরিশালের ১৭ জন, রাজশাহীর ২৪ জন, কারিগরি ১৫১ জন এবং মাদ্রাসা বোর্ডের ১৫ জন আগের ফলে অকৃতকার্য হলেও পুনঃনিরীক্ষায় পাস করেছেন।

অন্যদিকে ঢাকা বোর্ডে ৬৬৯ জন, দিনাজপুর বোর্ডে ৬৫ জন, কুমিল্লায় ১৩৯ জন, রাজশাহীতে ৭৪ জন, যশোর ২৪৪ জন, চট্টগ্রামে ২১৯ জন, সিলেটের ৩৭ জন এবং বরিশাল বোর্ডে ২০ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

ফল চ্যালেঞ্জ করে মাদ্রাসা বোর্ডে ৬২ জন এবং কারিগরি বোর্ডের ১৫৭ শিক্ষার্থীর জিপিএ বেড়েছে।

বোর্ড কর্মকর্তারা জানান, সাধারণত কোনো প্রশ্নের উত্তরে নম্বর না দেওয়া, নম্বর দিয়েও ভুলে তা মোট নম্বরের সঙ্গে যোগ না করা এবং সব প্রশ্নের উত্তরে দেওয়া নম্বর যোগ করতে গিয়ে ভুল করেন পরীক্ষকরা। এসব বিষয় পরীক্ষা করেই পুনঃনিরীক্ষার ফল দেওয়া হয়েছে।

পুরনো খবর:

এইচএসসির ফল যাচাইয়ে ৩ লাখ আবেদন
ভুল পরীক্ষকের, ভোগান্তি শিক্ষার্থীর