২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারাধীন দেওয়ানী মামলা সাড়ে ১৩ লাখ

দেশের আদালতগুলোতে প্রায় সাড়ে ১৩ লাখ দেওয়ানী মামলা বিচারাধীন বলে জাতীয় সংসদকে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2015, 07:25 PM

Updated : 22 Aug 2022, 01:10 PM

বুধবার জাতীয় সংসদে এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিচারাধীন মোট ১৩ লাখ ৪৬ হাজার ৪৬৭টি দেওয়ানী মামলার মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ১২ হাজার ৬৬৯টি এবং হাই কোর্ট বিভাগে ৮৬ হাজার ৪টি মামলা রয়েছে।

এছাড়া সারা দেশের জেলা জজ আদালতগুলোতে ১১ লাখ ১৯ হাজার ৮১২টি দেওয়ানী মামলা রয়েছে বলে জানান তিনি।  

বাংলাদেশের বিচার ব্যবস্থায় দেওয়ানি ও ফৌজদারি- এই দুই ধরনের মামলার ব্যবস্থা আছে।

সম্পত্তির ওপর অধিকার, স্বত্ব বা দখল নিয়ে বিরোধ, মানহানি বা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আর্থিক ক্ষতিপূরণ চেয়ে অভিযোগ, ভরণ-পোষণের অধিকার, এমনকি ভোটাধিকার নিয়ে মামলা দেওয়ানি মামলার অন্তর্ভুক্ত।

আনিসুল হক সংসদকে জানান, অর্পিত সম্পত্তি নিয়ে সারা দেশে মোট ১ লাখ ২৭ হাজার ৯৮২টি মামলা চলছে।

১৯৬৫ সালে পাকিস্তান-ভারত যুদ্ধের প্রেক্ষাপটে ১৯৬৫ থেকে ১৯৬৯ সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত যেসব নাগরিক এ দেশ থেকে ভারতে চলে যান, তাদের স্থাবর সম্পত্তি তৎকালীন পাকিস্তান সরকার শত্রু সম্পত্তি হিসেবে চিহ্নিত করে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৪ সালে নাম পরিবর্তন করে অর্পিত সম্পত্তি করা হয়।

চট্টগ্রামের সাংসদ দিদারুল আলমের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশে প্রচলিত আইনের সংখ্যা ১ হাজার ৫৭টি।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনকে যুযোপযোগী করতে আইন মন্ত্রণালয় কোনো পদক্ষেপ নেয়নি বলে আরেক প্রশ্নের জবাবে জানান আইনমন্ত্রী।

এর আগে তিনি সাংবাদিকদের বলেছিলেন, এ আইন নিয়ে আইসিটি মন্ত্রণালয় কাজ করছে।

ওই আইনের ৪৬, ৫৭ ও ৭১ ধারা ‘বাক স্বাধীনতা পরিপন্থি’ বলে মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ।