লক্ষ্মীপুরে যুবকের ঝুলন্ত লাশ, আটক ৩
লক্ষ্মীপুরের রায়পুরে শ্বশুরবাড়ির সুপারি বাগান থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার শিবপুর গ্রাম থেকে হামদে রাব্বীর (২৮) লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় রাব্বীর স্ত্রী জোসনা আক্তার, শ্বশুর জয়নাল আবেদিন ও শাশুড়িকে আটক করা হয় বলে জানান রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল হক।
রাব্বী সদর উপজেলার এনায়েতপুর গ্রামের নুরু পাটোয়ারীর ছেলে।
পরিদর্শক জহিরুল বলেন, প্রায় তিন বছর আগে একই উপজেলার শিবপুর গ্রামের জোসনা আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্কের মাধ্যমে তাদের বিয়ে হয়।
“বিয়ের পর তারা রায়পুর পৌর শহরের মধুপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। কয়েকদিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে কলহের পর জোসনা তার বাবার বাড়ি চলে আসেন।”
জোসনা আক্তার বলেন, “রাব্বী প্রায়ই আত্মহত্যার চেষ্টা করত। সোমবার রাতে আমি মোবাইল ফোনে কথা বলতে না চাইলে সে আমাদের বাড়ির পাশে এসে আত্মহত্যা করে।”
তবে, পরিদর্শক জহিরুল বলেন, রাব্বীর ডান পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
