সস্তা বিনোদনে না যাওয়া বিটিভির জনপ্রিয়তায় বাধা: তথ্যমন্ত্রী
বিটিভি জনপ্রিয় না হওয়ার কারণ হিসেবে ‘সস্তা বিনোদনে’ না যাওয়াকে দেখিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
রোববার সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য মো. শওকত চৌধুরীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই কারণ দেখান।
শওকত চৌধুরী প্রশ্ন করেন, “দেশব্যাপী ব্যাপক অবকাঠামো ও সুযোগ থাকার পরও বিটিভি দেশের জনপ্রিয় চ্যানেল না হওয়ার প্রতিবন্ধকতা কী? উক্ত প্রতিবন্ধকতা উত্তরণে সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করছে? কবে নাগাদ সফলতা আসবে?”
জবাবে মন্ত্রী বলেন, “বিটিভি একমাত্র সরকারি ও জাতীয় ইলেকট্রিনিক গণমাধ্যম। বিটিভি সস্তা বিনোদনের দিকে না তাকিয়ে দেশ ও জনগণের শিক্ষা, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ, ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি প্রভৃতিকে উপজীব্য করে অনুষ্ঠান নির্মাণ ও প্রচার করে থাকে।
বাংলাদেশের সব শ্রেণির দর্শকদের কথা চিন্তা করে বিটিভি বিভিন্ন অনুষ্ঠান, স্পট, ডকুমেন্টারিসহ বিভিন্ন জনসচেতনতামূলক অনুষ্ঠান প্রচার করে, বলেন তিনি।
দর্শক আকৃষ্ট করতে নোঙ্গর, গান চিরদিন, অভিবাসী, মনের কথা, বাংলা স্টুডিও বাংলার পটগান নামে নতুন নতুন অনুষ্ঠান ইতোমধ্যে নিয়মিতভাবে সম্প্রচার করা হচ্ছে বলেও জানান ইনু।
এসব অনুষ্ঠান পরবর্তীতে বিটিভির ব্রান্ডিং অনুষ্ঠান হিসাবে পরিগণিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এই অনুষ্ঠানগুলো ব্যাপক দর্শকপ্রিয়তা লাভ করেছে বলেও দাবি করেন মন্ত্রী।
