চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
চুয়াডাঙ্গা সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছে।
বুধবার সকালে উপজেলার মোমিনপুর স্টেশনের কাছে রেল লাইনের উপর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের ইনচার্জ এএসআই খোরশেদ আলম।
নিহত মো. সেলিম হোসেন (৩৫) উপজেলার দৌলাতদিয়াড় গ্রামের রবজেল মন্ডলের ছেলে।
এএসআই খোরশেদ আলম বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে সেলিমের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস অথবা সৈয়দপুর থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
