২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরের নৌযানে ডাকাতি, অপহৃত ১৮

বঙ্গোপসাগরের সাঙ্গু গ্যাসক্ষেত্র এলাকায় ১০টি মাছ ধরার ট্রলার ও নৌকায় ডাকাতি হয়েছে। ওই সময় ১৮ জেলেকে অপহরণও করা হয়।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2015, 04:44 PM

Updated : 12 Oct 2022, 04:10 PM

মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত এসব নৌযান থেকে দুর্বৃত্তরা অন্তত ১০ লাখ টাকার মাছ লুট করেছে বলে হাতিয়ার জাহাজমারা ফিশিং বোট মালিক সমিতির সভাপতি রাশেদ খান জানান। 

“তাৎক্ষণিকভাবে  অপহৃতদের নাম পরিচয় জানা যায়নি। তবে  তারা নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের বাসিন্দা।”

তিনি আরও জানান, মঙ্গলবার রাত ২টার দিকে সাঙ্গু গ্যাসক্ষেত্র এলাকায় একদল জলদস্যু হাতিয়ার ১০টি মাছধরা ট্রলার ও নৌকায় ডাকাতি করে অন্তত ১০ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায়।  

“এ সময় তারা ১৮ জেলেসহ ‘এফবি মা জননী’ নামে একটি ট্রলার নিয়ে যায়।”

বুধবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জলদস্যুরা এ লুটপাট ও অপহরণ কাজ চালায় বলে জানান রাশেদ।

ট্রলার ‘এফবি মা জননী’র মালিক নবীর উদ্দিন জানান, “দুপুর সাড়ে ১২টার দিকে কালু ডাকাত নামে একজন ১৮ জেলেকে ছেড়ে দেওয়ার জন্য মোবাইল ফোনে আমার কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।”

কোস্ট গার্ডের হাতিয়া স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট তানভীর জানান, নৌ-ডাকাতি ও অপহরণের খবর পেয়ে তাদের এলাকায় টহল টিম অভিযান চালালে জলদস্যুরা মহেশখালীর দিকে পালিয়ে যায়।

জলদস্যুদের আটক করতে মহেষখালীর কোস্টগার্ড অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।