মিয়ানমার থেকে ফিরছে আরও ১২৫ জন
মিয়ানমারের জলসীমায় উদ্ধার হওয়া বাংলাদেশি হিসেবে সনাক্ত আরও ১২৫ অভিবাসন প্রত্যাশীকে ফেরত আনা হচ্ছে মঙ্গলবার।
বিজিবি কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল এম আনিসুর রহমান জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের জিরো পয়েন্টের বিপরীতে এক পতাকা বৈঠকে তাদের গ্রহণ করবে বিজিবি।
এ উপলক্ষে মিয়ানমারের ঢেঁকিবনিয়ায় ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রি ডিপার্টমেন্টের সঙ্গে বিজিবির এক পতাকা বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।
বিজিবির কক্সবাজার ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম জানান, তার নেতৃত্বে বিজিবি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ইমিগ্রেশন বিভাগের প্রতিনিধির সমন্বয়ে ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার সকালে পতাকা বৈঠকে অংশগ্রহণ করবে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ন্যাশনাল প্রোগাম অফিসার আসিফ মুনীর জানান, বাংলাদেশি হিসেবে সনাক্ত হওয়া ১২৫ জনকে দেশে ফেরত আনতে আইওএমর পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এসব বাংলাদেশি দেশের সীমান্তে প্রবেশের পর থেকে বাড়ি পৌঁছানো পর্যন্ত খাদ্য, চিকিৎসা ও যাতায়ত খরচসহ সব ধরনের মানবিক সহায়তা আইওএমর পক্ষ থেকে প্রদান করা হবে বলে তিনি জানান।
“পঞ্চম দফায় দেশে ফেরত আসার অপেক্ষায় থাকা ১২৫ জন হলেও পতাকা বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করা তালিকায় নতুন করে ২/১ জন যোগ হতে পারে।”
এ ব্যাপারে সংশ্লিষ্ট পর্যায়ে যোগাযোগ চলছে বলে জানান আইওএম কর্মকর্তা আসিফ।
আসিফ মুনীর জানান, ফেরত আসার অপেক্ষায় থাকা ১২৫ জন ১৪টি জেলার বাসিন্দা, তবে বেশিরভাগই কক্সবাজারের। এদের মধ্যে ২০/২৫ জন শিশু-কিশোরও রয়েছে।
জেলাগুলো হলো কক্সবাজার, বান্দরবান, ফেনী, ভোলা, চাঁদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর, টাঙ্গাইল, ঢাকা, কিশোরগঞ্জ ও মেহেরপুর।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ জানান, বাংলাদেশি হিসেবে সনাক্ত হওয়াদের পতাকা বৈঠক শেষে ঘুমধুম সীমান্ত থেকে বাসযোগে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে নিয়ে আসা হবে।
“ওখানে তাদের ইমিগ্রেশন সংশ্লিষ্ট কাজ শেষ করে তথ্য সংগ্রহের জন্য জিজ্ঞাসাবাদ করা হবে। এরপরই তাদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হবে।”
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, ফেরত আসাদের তালিকায় থাকা ২০/২৫ জন অপ্রাপ্ত বয়স্ক শিশু-কিশোরের ব্যাপারে সিদ্ধান্ত জানতে আদালতের নির্দেশনার আবেদন জানানো হবে।
গত ২১ মে মিয়ানমারের জলসীমা থেকে সাগরে ভাসমান ২০৮ জন এবং ২৯ মে আরও ৭২৭ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে দেশটির নৌ-বাহিনী।
মিয়ানমার প্রথম থেকে এদেরকে বাংলাদেশি নাগরিক বলে দাবি জানিয়ে আসছিল।
ইতোমধ্যে ৮ জুন, ১৯ জুন, ২২ জুলাই ও ১০ অগাস্ট চার দফায় ৫০১ জনকে দেশে ফেরত আনা হয়।
