অবশেষে ফিরল ১৫৯ বাংলাদেশি
অবশেষে দেশে ফিরেছেন মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া অভিবাসন প্রত্যাশী ১৫৯ বাংলাদেশি।
সোমবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের জিরো পয়েন্টে পতাকা বৈঠকের পর এদের ফেরত আনা হয় বলে জানিয়েছেন বিজিবি কক্সবাজার ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম।
মিয়ানমারের ঢেঁকিবুনিয়ায় ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রি ডিপার্টমেন্টের সঙ্গে বিজিবি এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলামের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল ঘুমধুম সীমান্তের বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতু দিয়ে পতাকা বৈঠকে অংশ নিতে মিয়ানমার যায়।
প্রতিনিধি দলে কক্সবাজারের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও ইমিগ্রেশনের প্রতিনিধিরাও ছিলেন।
বিজিবি অধিনায়ক আরও জানান, দেশে ফেরত আসাদের মধ্যে রয়েছেন নরসিংদীর ৮০ জন, চট্টগ্রামের ১৮ জন, হবিগঞ্জের ১৭ জন, কিশোরগঞ্জের ১৩ জন, নারায়ণগঞ্জের ১২ জন, ফরিদপুরের ১২ জন, শরীয়তপুরের ৩ জন, নওগাঁর দুই জন এবং নাটোর ও বরিশালের এক জন করে।
এদের মধ্যে ১৬ শিশু-কিশোর রয়েছে বলেও জানান তিনি।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ জানান, এদের পতাকা বৈঠক শেষে ঘুমধুম সীমান্ত থেকে ছয়টি বাসে করে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। ইমিগ্রেশন সংশ্লিষ্ট কাজ শেষে তথ্য সংগ্রহের জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
“এরপর আইওএম ও রেড ক্রিসেন্টের সহায়তায় তাদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হবে।”
এদের মধ্যে অপ্রাপ্তবয়স্ক ১৬ জনের বিষয়ে সিদ্ধান্ত নিতে মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।
এর আগে গত ৩০ জুলাই এদের ফেরত আনার কথা থাকলেও বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের আশঙ্কায় তা স্থগিত করা হয়। পরে দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে আলোচনা করে ৫ অগাস্ট দেশে ফেরত আনার পরবর্তী দিন নির্ধারণ করা হয়।
কিন্তু মিয়ানমারে ঘূর্ণিঝড় পরবর্তী বন্যার কারণে দ্বিতীয়বারের মতো ১৫৯ বাংলাদেশিকে ফেরত আনার প্রক্রিয়া স্থগিত করা হয়।
মিয়ানমারের জলসীমা থেকে গত ২১ মে ২০৮ জন এবং ২৯ মে আরও ৭২৭ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে দেশটির নৌ-বাহিনী।
এর আগে তিন দফায় ফেরত আনা হয়েছে ৩৪২ জনকে।
