২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইজিপির আত্মীয় পরিচয়ে প্রতারণা, আটক ৪

প্রতারণার অভিযোগে মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানীতে চারজনকে আটক করেছে, যারা পুলিশের মহাপরিদর্শকের আত্মীয় পরিচয়ে প্রতারণা করে আসছিল বলে অভিযোগ রয়েছে।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2015, 03:58 PM

Updated : 22 Aug 2022, 01:04 PM

আটকরা হলেন- ইব্রাহিম খলিল ওরফে ফয়সাল, আবদুল জলিল সিকদার, রফিকুল ইসলাম ও জাহিদ হাসান। এদের মধ্যে ইব্রাহিম দলনেতা। বাকিরা তার সহযোগী।

রোববার বিকালে মুগদাপাড়া থেকে এদেরকে আটক করা হয় বলে সোমবার এক ব্রিফিংয়ে জানান গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার শেখ নাজমুল আলম।

পুলিশের এই কর্মকর্তা বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহিম জানিয়েছে, সে নিজেকে পুলিশের মহাপরিদর্শকের চাচাত ভাই এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক উপসচিবের ঘনিষ্টজন হিসাবে পরিচয় দিত।

“এছাড়াও কখনো সাংবাদিক, কখনো ছাত্রলীগনেতা পরিচয়ে পুলিশ, সেনাবাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি দেওয়ার কথা বলে লোকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার কথাও সে স্বীকার করেছে।”

প্রতারণার কাজে চক্রটি পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে মিল রেখে মোবাইল ফোন নম্বর ব্যবহার করে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের ফোন করে চাকরির তদবির করত, বলেন শেখ নাজমুল।

প্রতারক চক্রটির সঙ্গে আর কারা জড়িত তা জানার চেষ্টা হচ্ছে বলে জানান তিনি।