২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঁচপুরে ট্রাকের ধাক্কায় ২ নারী শ্রমিক নিহত

নারায়ণগঞ্জের কাঁচপুরে ট্রাকের ধাক্কায় রিকশা আরোহী দুই নারী শ্রমিক নিহত হয়েছেন, আহত হন একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2015, 03:37 PM

Updated : 22 Aug 2022, 01:05 PM

রোববার রাতের এই দুর্ঘটনায় হতাহত সবাই একই পরিবারের সদস্য।

একজন মারা যান ঘটনাস্থলে। সোমবার সকালে আরেকজনের মৃত্যু হয় হাসপাতালে।

নিহতরা হলেন নেত্রকোনার চল্লিশ কাউনিয়া বারহাট্টা গ্রামের দলিল উদ্দিনের মেয়ে জিয়াসমিন আক্তার মিতু (১৫) ও তার ফুফু নাজমা বেগম (৩৫)।

মিতুর ফুফাতো বোন নিপাকে ( ১৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তারা সোনারগাঁওয়ের কাঁচপুর সেনপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, রাত ১১টার দিকে রূপগঞ্জ উপজেলার নোয়াপাড়া এলাকার জোবেদা টেক্সটাইল মিলের তিন নারী শ্রমিক রিকশাযোগে কাঁচপুরের সেনবাগের বাড়ি ফিরছিলেন।

“পথে পেছন থেকে দ্রতগতির একটি ট্রাক তাদের রিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই জিয়াসমিন আক্তার মিতুর মৃত্যু হয়।

“আহত নাজমা বেগম ও নিপাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সোমবার সকাল সাড়ে ১০টায় নাজমা বেগমের মৃত্যু হয়।”

আহত নিপার চিকিৎসা চলছে বলে তিনি জানান।

এসআই সাইফুল আরও জানান, দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।