বুড়িগঙ্গা থেকে ‘বিনোদন কেন্দ্র’ সরাতেই হচ্ছে
বুড়িগঙ্গায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্মাণাধীন বিনোদনকেন্দ্রের স্থাপনা অপসারণে পাঁচ বছর আগে হাই কোর্টের দেওয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ।
৩০ দিনের মধ্যে স্থাপনা অপসারণের জন্য হাই কোর্ট যে আদেশ দিয়েছিল, তার বিরুদ্ধে বিআইডব্লিউটিএর করা লিভ টু আপিল সোমবার খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ।
এর ফলে ৩০ দিনের মধ্যে বুড়িগঙ্গা নদীর ভেতর বিআইডব্লিউটিএর বিনোদনকেন্দ্রের স্থাপনা অপসারণ করতে হবে বলে জানিয়েছেন মূল রিট আবেদনকারীর আইনজীবী মনজিল মোরসেদ।
বিআইডব্লিউটিএর পক্ষে এ মামলার শুনানি করেন আইনজীবী মফিজুর রহমান।
২০১০ সালের ৭ মে ‘বুড়িগঙ্গা নদীর উদ্ধার করা জায়গায় বিনোদনকেন্দ্র!’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশ করা হয়।
এতে বলা হয়, কামরাঙ্গীর চরের টাওয়ার মোড় এলাকায় বুড়িগঙ্গা নদীর দুই তীরের মধ্যবর্তী জায়গায় অবৈধভাবে ১৫০টি ঘর বানিয়ে ভাড়া দেওয়া হয়েছিল।
২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় বিআইডব্লিউটিএ এবং ঢাকা জেলা প্রশাসন উচ্ছেদ অভিযান চালিয়ে ওই জমি উদ্ধার করে। কিন্তু উদ্ধার করা জায়গায় বিআইডব্লিউটিএ বিনোদনকেন্দ্র নির্মাণ করছে বলে প্রতিবেদনে বলা হয়।
ওই প্রতিবেদন যুক্ত করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে ওই বছর ১৭ মে একটি রিট আবেদন করা হয়, যার প্রাথমিক শুনানি নিয়ে ওইদিনই আদালত রুল দেয়।
রুলে বুড়িগঙ্গায় বিনোদনকেন্দ্র নির্মাণ কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং নির্মাণাধীন বিনোদনকেন্দ্রের সব স্থাপনা অপসারণের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়।
সেইসঙ্গে বিনোদনকেন্দ্র নির্মাণ প্রকল্পের কার্যক্রমে অন্তবর্তীকালীন স্থিতাবস্থার আদেশ দেয় আদালত।
রুলের চূড়ান্ত শুনানি শেষে ২০১০ সালের ২০ জুলাই হাই কোর্ট বিনোদনকেন্দ্রের স্থাপনা ৩০ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেয়।
ওই রায় স্থগিতের জন্য বিআইডব্লিউটিএ চেম্বার বিচারপতির আদালতে যায়। চেম্বার বিচারপতি স্থিতাবস্থা বজায় রাখতে বলে বিষয়টি শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। পরে বিআইডব্লিউটিএ লিভ টু আপিল করে, যা সোমবার খারিজ হয়ে গেল।
