২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড্ডায় গুলিবিদ্ধ সালামও মারা গেলেন

রাজধানীর বাড্ডায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহবুবুর রহমান গামার সঙ্গে গুলিবিদ্ধ যুবলীগ কর্মী আব্দুস সালাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2015, 01:47 AM

Updated : 22 Aug 2022, 01:05 PM

এ নিয়ে ১০ দিন আগের ওই ঘটনায় গুলিবিদ্ধ চারজনেরই মৃত্যু হল।

রোববার রাত সাড়ে ১০টার দিকে সালাম মারা যান বলে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মোজাম্মেল হক জানিয়েছেন।

গত ১৩ অগাস্ট রাত ৯টার দিকে বাড্ডা আদর্শনগর পানির পাম্পের কাছে সরকারসমর্থক কয়েকজন আড্ডা দেওয়ার সময় তাদের ওপর গুলি ছুড়ে পালিয়ে যায় একদল দুর্বৃত্ত।

ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় চারজনকে হাসপাতালে নেওয়ার পর রাতেই শামসু মোল্লা (৫৩) ও ফিরোজ আহমেদ মানিক (৪৫) নামের দুইজনের মৃত্যু হয়। 

পরদিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় গামার, যিনি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের সাহিত্য বিষয়ক সহ সম্পাদক ছিলেন।

‘রাজনৈতিক প্রতিহিংসার’ পাশাপাশি কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে ‘দ্বন্দ্বের’ জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে সন্দেহ গামার স্বজনদের।

এ ঘটনায় গামার বাবা অজ্ঞাত পরিচয় ১০/১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ওই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন একজন সম্পতি গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।