উদ্ধার হরিণ বনে অবমুক্ত
বরগুনায় কোস্টগার্ডের অভিযানে উদ্ধার হওয়া হরিণ দুটি পাথরঘাটার বাইনচটকি বনে ছেড়ে দেওয়া হয়েছে।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন সরকার জানান, প্রাথমিক চিকিৎসা শেষে রোববার বিকাল ৫টার দিকে বরগুনা জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম হরিণ দুটি বনে অবমুক্ত করেন।
এছাড়া উদ্ধার হরিণের মাংসগুলো মাটিতে পুঁতে ফেলা হয়েছে বলে জানান পাথরঘাটা বন বিভাগের বিট কর্মকর্তা মো. হুমায়ুন কবির।
রোববার ভোরে বিষখালী নদী সংলগ্ন বাদুরতলা এলাকা থেকে দুটি জীবিত হরিণ ও ১৪০ কেজি হরিণের মাংস উদ্ধার করে কোস্টগার্ড।
এ সময় বরগুনার সহকারী বন সংরক্ষক আলতাফ হোসেন, কোস্টগার্ড এর পাথারঘাটা স্টেশন কমান্ডার লে. সৈয়দ আবদুর রউফ, ও পাথরঘাটা বন বিভাগের বিট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
