প্রবীরের ঘটনায় বিচারবিভাগকে দায়ী করলেন সুরঞ্জিত
ফেইসবুকে লিখে স্থানীয় সরকারমন্ত্রীর সুনাম ক্ষুণ্নের অভিযোগে সাংবাদিক প্রবীর সিকদারের বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা গ্রহণের জন্য বিচার বিভাগকে দায়ী করেছেন সুরঞ্জিত সেনগুপ্ত।
আইন, বিচার ও সংসদ বিষয়ক জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত বলেছেন, “এই মামলার কোনো প্রয়োজনই ছিল না। ইন্ডিপেন্ডেন্ট, সেপারেট বিচার বিভাগ। আইন মন্ত্রণালয়ের কোনও কন্ট্রোল নেই। তুমি যদি মাথা দাও... সরকারকে বললেতো হবে না। সরকারতো সেপারেট (বিচার বিভাগকে পৃথক) করেছে।”
রোববার সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ফেইসবুক স্ট্যাটাসে জীবন শঙ্কা প্রকাশ করে এজন্য নিজের এলাকা ফরিদপুরের তিন ব্যক্তি স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, যুদ্ধাপরাধের অভিযোগ থাকা বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসের ও দণ্ডিত যুদ্ধাপরাধী আবুল কালাম আজাদ ও তার অনুসারীরা দায়ী থাকবে বলার পর আটক হন প্রবীর সিকদার।
ওই স্ট্যাটাসে মন্ত্রীর সুনাম ক্ষুণ্নের অভিযোগ তুলে তার এক অনুসারীর মামলায় গ্রেপ্তার দেখানো হয় প্রবীর সিকদারকে। তাকে তিন দিনের রিমান্ডও দেয় ফরিদপুরের একটি আদালত।
একাত্তরের শহীদের সন্তান প্রবীরকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ায় দেশজুড়ে প্রতিবাদ হয়। রিমান্ড দেওয়ার এক দিন পরেই জামিনে মুক্তি পান ২০০১ সালে সন্ত্রাসী হামলায় পা হারানো প্রবীর সিকদার।
সুরঞ্জিত সেনগুপ্ত (ফাইল ছবি)
“মামলাইতো হয় না। আচ্ছা এন্টারটেইন যখন করছো তাইলে রিমান্ড দিলা কেন? পরে আবার জামিন দিলা।”
সংশ্লিষ্ট আইনের বরাত দিয়ে তিনি বলেন, “বলাই আছে পঙ্গু অথবা নারী হলে বেইল দিতে হবে। দেয় নাই... রিমান্ড দিছে।”
আইসিটি অ্যাক্ট বাতিলের দাবির বিষয়ে তিনি বলেন, “আইন বাতিল করলে হবে না। এখন আইসিটির জগৎ। কথা হচ্ছে ৫৭ ধারা নিয়ে...।”
‘ক্রসফায়ার’
আইনশৃ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে প্রাণহানির বিষয়ে এক প্রশ্নের জবাবে সুরঞ্জিত বলেন, “সমস্ত সভ্য জাতিই বিচার বহির্ভূত হত্যকাণ্ড চায় না।”
পর্যাপ্ত বিচারক নিয়োগ করলে এই পরিস্থিতির উত্তরণ হবে বলে মনে করেন তিনি।
সুরঞ্জিত বলেন, “এর থেকে বাঁচার পথ হচ্ছে বিচারক নিয়োগ। আমাদের দেড় লাখ জনগণের মাথাপিছু একজন বিচারক। কালকে ৫ হাজার বিচারক নিয়োগ দেন। বিচার ব্যবস্থা শক্তিশালী করতে হবে।
“নীতি-আদর্শ দিয়েই এর মোকাবেলা করতে হবে।”
গত এক সপ্তাহে র্যাব ও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে কয়েকজন নিহত হয়েছেন, তাদের তিনজন ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মী।
