প্রেমে সাড়া না দেওয়ার স্কুলছাত্রীকে কুপিয়ে জখম
গাজীপুরের শ্রীপুর উপজেলায় প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।
শনিবার রাতে শ্রীপুর উপজেলার বরমী পাঠানটেক এলাকায় এ ঘটনা ঘটে। আহত মেয়েটি বরমী আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী।
মেয়েটিকে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রোববার দুপুরে আবার সেখান থেকে শ্রীপুর হাসপাতালে ফিরিয়ে আনা হয়।
এ ঘটনা পর থেকে পলাতক রয়েছে কথিত বখাটে সুজন মিয়া (২০)। সে উপজেলার বেলদিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।
মেয়েটির মা (নাম প্রকাশ করা হল না) সাংবাদিকদের বলেন, সুজন এক মাস ধরে মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। তাতে রাজি হয়নি তার মেয়ে।
“শনিবার রাতে মেয়ের বাবা অটোরিকশা চালাতে বের হন। আমিও এক আত্মীয়কে দেখতে ঢাকা মেডিকেলে যাই। খালাত বোনের সঙ্গে মেয়ে বাড়িতে ছিল।”
“এই সুযোগে সুজন দরজা ভেঙে ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে মেয়ের দুই গাল ও হাতের রগ কেটে ফেলে।”
ওই সময় তার মেয়ের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে সুজন পালিয়ে যায় বলে জানান তিনি।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অপিসার ডা. রওশন জানান, মেয়েটির মুখে ও বাম হাতে ধারালো অস্ত্রের জখম রয়েছে।
এ ব্যাপারে শ্রীপুর থানার ওসি আসাদুজ্জামান জানান, তিনি সাংবাদিকদের কাছে খবরটি শুনেছেন।
ছাত্রীর পরিবার থেকে অভিযোগ করা হলে মামলা নেওয়া হবে বলে জানান তিনি।
