২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে শিক্ষক-শিক্ষার্থীকে মারধর: রিমান্ডে ৮

চাঁদপুরের কচুয়ায় ভূইয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলায় আটক ৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2015, 02:30 PM

Updated : 25 Apr 2022, 01:46 PM

মামলার তদন্তকারী কর্মকর্তা কচুয়া থানার এসআই নাসির উদ্দিন জানান, রোববার চাঁদপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম রাজিব কুমার বিশ্বাস এ আদেশ দেন।

তিনি জানান, দুপুরে তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতের (রিমান্ড) আবেদন জানানো হয়। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।

জাতীয় শোক দিবসের নাম করে যুবলীগের নামে কয়েকজন যুবক চাঁদা চাইলে দিতে অস্বীকৃতি জানান ভূইয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকার।

এর জেরে গত শনিবার দুলাল চন্দ্র সরকার ও হল সুপার ফজলুর রহমানকে মারধর করে একদল যুবক।

এর প্রতিবাদে পরদিন ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করলে তাদের উপর হামলা চালানো হয়। এতে অন্তত ৩০ শিক্ষার্থী আহত হয়।

এ ঘটনায় দুলাল চন্দ্র সরকার বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ২০ জনকে আসামি করে থানায় মামলা করেন।

গ্রেপ্তাররা হলেন এজাহারভুক্ত মনির হোসেন (৩৫), ফারুক হোসেন (৩০), মো. লিটন মিয়া (৪০), মো. মোজাম্মেল হোসেন (২৩) ও পপি আক্তার (১৮)।

এছাড়া সন্দেহভাজন গ্রেপ্তাররা হলেন ওয়ালী উল্লাহ (৩২), মো. সবুজ (৩০) ও আলাউদ্দিন (৩৫)।