মওদুদের বাড়ি আত্মসাৎ মামলা স্থগিত
অবৈধভাবে বাড়ি দখল ও আত্মসাতের অভিযোগে বিএনপি নেতা মওদুদ আহমদের বিরুদ্ধে দুদকের মামলার কার্যক্রম ৩০ অগাস্ট পর্যন্ত স্থগিত করে তাকে ওই সময়ের মধ্যে নিয়মিত ‘লিভ টু আপিল’ করতে বলেছে আপিল বিভাগ।
মওদুদের একটি আবেদন শুনে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ রোববার এই আদেশ দেয়।
এ মামলার অভিযোগ আমলে নেওয়ার সিদ্ধান্তকে বৈধতা দিয়ে হাই কোর্ট যে রায় দিয়েছে, তার বিরুদ্ধেই আপিলে এসেছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
আদালতে নিজের আবেদনের পক্ষে নিজেই শুনানি করেন ব্যারিস্টার মওদুদ। আর দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
আদেশের পর খুরশীদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৩০ অগাস্ট পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত করে এই সময়ের মধ্যে আবেদনকারীকে লিভ টু আপিল করতে বলা হয়েছে।
তিনি জানান, ওই মামলায় মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে অভিযোগ গঠন বিষয়ক শুনানির জন্য ৩০ অগাস্ট দিন ধার্য রয়েছে।
অবৈধভাবে বাড়ি দখল ও আত্মসাতের অভিযোগে ২০১৩ সালের ১৭ ডিসেম্বর রাজধানীর গুলশান থানায় মওদুদ ও তার ভাই মনজুর আহমদের বিরুদ্ধে দুদক এই মামলা দায়ের করে।
গতবছর ২৬ মে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা। ওই বছরের ১৪ সেপ্টেম্বর ঢাকার জ্যেষ্ঠ বিশেষ আদালতের বিচারক শুনানি শেষে অভিযোগপত্র আমলে নেন।
অভিযোগে বলা হয়, গুলশানের যে বাড়িটিতে মওদুদ আহমদ ও তার পরিবার থাকছেন, তার প্রকৃত মালিক ছিলেন পাকিস্তানি নাগরিক মো. এহসান। ১৯৬০ সালে তৎকালীন ডিআইটির কাছ থেকে এই বাড়ির মালিকানা এহসান ‘লাভ করেন’। ১৯৬৫ সালে বাড়ির মালিকানার কাগজপত্রে এহসানের পাশাপাশি তার স্ত্রী অস্ট্রেলীয় নাগরিক ইনজে মারিয়া প্লাজের নামও অন্তর্ভুক্ত হয়।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে এহসান স্ত্রীসহ ঢাকা ত্যাগ করেন। তারা আর ফিরে না আসায় ১৯৭২ সালে এটি পরিত্যক্ত সম্পত্তির তালিকাভুক্ত হয়।
এরপর ১৯৭৩ সালের ২ অগাস্ট মওদুদ তার ইংল্যান্ডপ্রবাসী ভাই মনজুরের নামে একটি ভুয়া আমমোক্তারনামা তৈরি করে বাড়িটি সরকারের কাছ থেকে বরাদ্দ নেন বলে এ মামলার অভিযোগ।
মওদুদ অভিযোগ আমলে নেওয়ার আদেশের বিরুদ্ধে হাই কোর্টে ফৌজদারি রিভিশন আবেদন করেন। শুনানি নিয়ে গত ৫ মে হাই কোর্ট রুল দেয়।
রুলে বিচারিক আদালতের ওই আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না- তা ১০ দিনের মধ্যে দুদক ও রাষ্ট্রপক্ষকে জানাতে বলা হয়। রুলের ওপর শুনানি শেষে আদালত ২৩ জুন রায়ের দিন ধার্য করে।
ওইদিন হাই কোর্ট আবেদন খারিজ (রুল ডিসচার্জ) করে রায় দিলে মওদুদ আহমদ চেম্বার বিচারপতির আদালতে আবেদন নিয়ে যান। এরপর বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়।
