২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ি আত্মসাৎ: মওদুদের আবেদনের শুনানি হবে নিয়মিত বেঞ্চে

অবৈধভাবে বাড়ি দখল ও আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় হাই কোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের করা আবেদনের ওপর শুনানি হবে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2015, 08:14 PM

Updated : 25 Apr 2022, 01:44 PM

হাই কোর্টের রায়ের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে রোববার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ২৩ অগাস্ট শুনানির জন্য আবেদনটি নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।

আদালতে আবেদনের পক্ষে আইনজীবী মওদুদ আহমদ নিজেই শুনানি করেন। দুর্নীতি দমন কমিশনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

পরে খুরশীদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই মামলায় মওদুদ আহমদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া বৈধ বলে হাই কোর্ট রায় দিয়েছিল। এ রায়ের বিরুদ্ধে ও নিম্ন আদালতে মামলার কার্যক্রম স্থগিত চেয়ে মওদুদ আহমদ আবেদনটি করেন। চেম্বার বিচারপতি স্থগিতাদেশ দেননি। আবেদনটি ২৩ অগাস্ট আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দিয়েছেন।

অবৈধভাবে বাড়ি দখল ও আত্মসাতের অভিযোগে ২০১৩ সালের ১৭ ডিসেম্বর রাজধানীর গুলশান থানায় মওদুদ ও তার ভাই মনজুর আহমদের বিরুদ্ধে দুদক এই মামলা দায়ের করে।

গতবছর ২৬ মে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা। ওই বছরের ১৪ সেপ্টেম্বর ঢাকার জ্যেষ্ঠ বিশেষ আদালতের বিচারক শুনানি শেষে অভিযোগপত্র আমলে নেন।

অভিযোগে বলা হয়, গুলশানের যে বাড়িটিতে মওদুদ আহমদ ও তার পরিবার থাকছেন, তার প্রকৃত মালিক ছিলেন পাকিস্তানি নাগরিক মো. এহসান। ১৯৬০ সালে তৎকালীন ডিআইটির কাছ থেকে এই বাড়ির মালিকানা এহসান ‘লাভ করেন’। ১৯৬৫ সালে বাড়ির মালিকানার কাগজপত্রে এহসানের পাশাপাশি তার স্ত্রী অস্ট্রেলীয় নাগরিক ইনজে মারিয়া প্লাজের নামও অন্তর্ভুক্ত হয়।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে এহসান স্ত্রীসহ ঢাকা ত্যাগ করেন। তারা আর ফিরে না আসায় ১৯৭২ সালে এটি পরিত্যক্ত সম্পত্তির তালিকাভুক্ত হয়।

এরপর ১৯৭৩ সালের ২ অগাস্ট মওদুদ তার ইংল্যান্ডপ্রবাসী ভাই মনজুরের নামে একটি ভুয়া আমমোক্তারনামা তৈরি করে বাড়িটি সরকারের কাছ থেকে বরাদ্দ নেন বলে এ মামলার অভিযোগ।

মওদুদ অভিযোগ আমলে নেওয়ার আদেশের বিরুদ্ধে হাই কোর্টে ফৌজদারি রিভিশন আবেদন করেন। শুনানি নিয়ে গত ৫ মে হাই কোর্ট রুল দেয়।

রুলে বিচারিক আদালতের ওই আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না- তা ১০ দিনের মধ্যে দুদক ও রাষ্ট্রপক্ষকে জানাতে বলা হয়। রুলের ওপর শুনানি শেষে আদালত ২৩ জুন রায়ের দিন ধার্য করে। ওইদিন হাই কোর্ট আবেদন খারিজ (রুল ডিসচার্জ) করে রায় দেয়।এরপর মওদুদ আহমদ চেম্বার বিচারপতির আদালতে আবেদন নিয়ে যান।