চাঁদপুরে গৃহবধূ খুন
চাঁদপুর শহরে নিজের বাসা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাতে শহরের রহমতপুর আবাসিক কলোনির ভূঁইয়া বাড়ি এলাকার একটি বাসা থেকে কোহিনুর বেগমের (৪৫) লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।
চাঁদপুর সদর মডেল থানার ওসি এ এইচ এনায়েত উদ্দিন বলেন, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
“ভূঁইয়া বাড়ি এলাকার একতলা ভবনের একটি কক্ষে গলাকাটা অবস্থায় ওই মহিলার মৃতদেহ পড়েছিল। এ সময় বাসায় কেউ ছিল না।”
ওসি জানান, কোহিনুরের স্বামী আব্দুল মান্নান সৌদি প্রবাসী। গত ১৫ অগাস্ট দেশে আসেন তিনি।
রিপন, শিপন ও তানজিল নামে তিন সন্তান রয়েছে এই দম্পতির।
কে বা কারা ওই নারীকে হত্যা করেছে সে বিষয়ে কিছু বলতে পারেননি পুলিশ কর্মকর্তা এনায়েত।
“ঘটনাটি তদন্ত করে দেখা করে দেখা হচ্ছে,” বলেন তিনি।
