২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওসমানী উদ্যান দখলমুক্ত করার দাবি বাপার

রাজধানীর ওসমানী উদ্যানকে দখলমুক্ত করে সার্বিক সংস্কারের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2015, 09:51 PM

Updated : 12 Oct 2022, 04:10 PM

শনিবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে পাঁচ দফা দাবি তুলে ধরেন বাপার সাধারণ সম্পাদক আব্দুল মতিন।

তিনি বলেন, “ওসমানী উদ্যান ঢাকা মহানগরীর বাসিন্দাদের খোলা বাতাস গ্রহণের অন্যতম প্রধান একটি স্থান। এটা কোটি জনতার এই মহানগরীর জন্য একটি ফুসফুস।

“আমরা প্রত্যাশা করব, এই উদ্যানের অসীম গুরুত্ব বিবেচনা করে কর্তৃপক্ষ এই দাবিগুলো পূরণ করবেন।”

বাপার দাবিগুলোর মধ্যে রয়েছে- ওসমানী উদ্যান থেকে বহিরাগত হকার-দোকানদার-মাদকাসক্ত-ভবঘুরেদের বিতাড়ন, উদ্যানের হকার ব্যবসা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক ব্যক্তিবর্গ ও ঢাকা সিটি করপোরেশনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ, উদ্যানের মাটি ও লেকের পানি থেকে ময়লা ও বর্জ্য অপসারণ, পার্ক রক্ষণাবেক্ষণে প্রয়োজনমতো জনবল বৃদ্ধি ও বিদ্যমান পরিকল্পনা অনুযায়ী উদ্যানের সার্বিক সংস্কার।

বাপার সাধারণ সম্পাদক জানান, ১৫ বছর আগে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ওসমানী উদ্যান দখলমুক্ত রাখার যে আন্দোলন শুরু হয়েছিল তারই ধারাবাহিকতায় এই সংবাদ সম্মেলন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাপার নির্বাহী সদস্য রুহিন হোসেন প্রিন্স ও যুগ্ম সম্পাদক আলমগীর কবির।