শেষ হলো হার্ডিঞ্জ ব্রিজের শতবর্ষ উদযাপন সম্মেলন
দেশের সবচেয়ে পুরাতন রেলসেতু হার্ডিঞ্জ ব্রিজের শতবর্ষ উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী সম্মেলন শেষ হয়েছে।
জাপান সোসাইটি অব সিভিল ইঞ্জিনিয়ার্স এবং বাংলাদেশ গ্রুপ অব আইএবিএসই এর যৌথ উদ্যোগে ‘অ্যাডভান্সেস ইন ব্রিজ ইঞ্জিনিয়ানিয়ারিং-৩’ শিরোনামে দুই দিনব্যাপী ওই সম্মেলন হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হয়।
সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে আবুল মাল আবদুল মুহিত বলেন, “হার্ডিঞ্জ ব্রিজ থেকে যমুনায় ব্রিজ নির্মাণের মধ্যকার সময়ে আমরা এই ব্রিজ তৈরিতে প্রস্তুত হয়েছি।”
যমুনা ব্রিজ তৈরিতে বিভিন্ন ধাপের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রযুক্তি উন্নয়ন ও মানুষের বুদ্ধিমত্তার বিকাশের ফলে এখন প্রায় সব জায়গায়ই ব্রিজ নির্মাণ করা যায়।
হার্ডিঞ্জ ব্রিজের কারণে যমুনা ব্রিজ নির্মাণের চিন্তা করা সহজ হয়েছে উল্লেখ করে হার্ডিঞ্জ ব্রিজের প্রধান প্রকৌশলী রবার্ট গেইলসের প্রতি কৃতজ্ঞতা জানান মুহিত।
তিনি বলেন, “ব্রিজটি আমাদেরকে সামনে এগিয়ে যেতে সাহায্য করেছে। এভাবেই সভ্যতা এগিয়ে যায়।”
প্রায় ২০ বছর আলোচনার পর ১৯০৮ সালে চূড়ান্তভাবে এই প্রকল্প অনুমোদিত হয়। ব্রিটিশ ইঞ্জিনিয়ার স্যার রবার্ট গেইলসের নেতৃত্বে ১৯১০ সালে নির্মাণ শুরু হয়। কাজ সম্পন্ন হতে লাগে দুই বছর।
ভারতের তৎকালীন ভাইস রয় লর্ড হার্ডিঞ্জ তবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় ১৯১৫ সালের মার্চে। সেতুর নাম হার্ডিঞ্জের নাম অনুসারেই রাখা হয়।
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালে মর্টার শেলের আঘাতে এই ব্রিজ ক্ষতিগ্রস্ত হলেও ভারতের সহযোগিতায় তা পুনরায় সচল করা হয়।
