২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তসলিমার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত

সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক লেখালেখির পর তসলিমা নাসরিনের ভিসার মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে ভারত সরকার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2015, 09:45 AM

Updated : 12 Oct 2022, 04:10 PM

বাংলাদেশি এই লেখকের ‘মাল্টিপল ভিসা’র মেয়াদ ২০১৬ সালের ১৮ অগাস্ট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত শুক্রবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বলে টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে।

২০০৪ সাল থেকে ভারতে অবস্থানরত তসলিমা নিজের টুইটার পাতায়ও ভারতে আরও এক বছর থাকার আনুষ্ঠানিক অনুমতি পাওয়ার কথা জানিয়েছেন।

প্রায় দুই যুগ আগে ধর্মীয় উগ্রবাদীদের হুমকিতে বাংলাদেশ ছাড়ার পর সুইডেনের ভিসা নিয়ে ভারতে ঠিকানা নেন তসলিমা। প্রতিবছরই তার ‘রেসিডেন্ট পারমিট’র মেয়াদ এক বছর করে বাড়িয়ে আসছিল ভারত সরকার।

সর্বশেষ মেয়াদ গত ১৮ অগাস্ট পেরিয়ে যাওয়ার পরও এই দফায় তা না বাড়ানোর সিদ্ধান্ত না আসায় তসলিমা ফেইসবুক-টুইটারে তা নিয়ে লেখালেখি করেন।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কয়েক মাস আগের এক বৈঠকের আশ্বাস তুলে ধরে তিনি লেখেন- “রাজনাথ সিংজী বলেছিলেন, আমার জন্য ‘আচ্ছে (শুভ) দিন আ গেয়ে’। আমাকে ৫০ বছরের জন্য রেসিডেন্ট পারমিট দেওয়া হবে। কিন্তু এই বছরই কোনো পারমিট নেই। অপেক্ষা করছি।”

এর আগে গত ১৭ অগাস্ট তিনি লিখেন- “প্রিয় ভারত, ২০০৪ সাল থেকে প্রতিবছর ১৭ অগাস্টের আগেই ভারতের আমার রেসিডেন্ট পারমিটের মেয়াদ বেড়ে আসছে। কিন্তু এ বছর তা হয়নি। এমনটা আগে কখনও ঘটেনি।”

Image
ভিসার মেয়াদ বাড়ানোর আগে তসলিমার টুইট

ভিসার মেয়াদ বাড়ানোর আগে তসলিমার টুইট

এরপর তিনি আরেকটি টুইট করেন- “প্রিয় ভারত, তুমি কি আমার রেসিডেন্ট পারমিটের মেয়াদ বাড়াবে? আমার আগের মেয়াদ তো আজই ফুরোতে চলল। আমি তো আবেদন করে রেখেছি এক মাস আগে। এখনও কোনো খবর নেই।”

তসলিমার এই লেখালেখির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক শোরগোল উঠে। সাহসী এই লেখককে দেওয়া ভিসার মেয়াদ বাড়াতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের কাছে আহ্বানও যায়।

এরপরই শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশি এই লেখকের ভিসার মেয়াদ বাড়ানোর কথা জানায়, যা ২৩ জুলাই থেকে কার্যকর ধরা হবে বলে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন।

তিনি বলেন, “উনার (তসলিমার) সুইডিশ পাসপোর্টটি ২৩ জুলাই মেয়াদোত্তীর্ণ হয়ে গিয়েছিল। পাসপোর্টের মেয়াদ ফুরিয়ে যাওয়ায় ভিসাও স্বয়ংক্রিয়ভাবে মেয়াদোত্তীর্ণ হয়ে গিয়েছিল। তিনি এরপর তার পাসপোর্ট নবায়ন করেন এবং তারপর আমরাও ভিসার মেয়াদ বাড়াই।”