চট্টগ্রামে আজিজ খুনের পিছনে স্ত্রীর ‘পরকীয়া’
স্ত্রীর পরকীয়ার কারণে চট্টগ্রামে রাজমিস্ত্রী আব্দুল আজিজ খুন হয়েছেন বলে এ ঘটনায় গ্রেপ্তার দুজনের জবানবন্দির ভিত্তিতে পুলিশ জানিয়েছে।
নগরীর সদরঘাট থানার এসআই নাজির আলম শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ হত্যাকাণ্ডে গ্রেপ্তার মো. রফিক ও মো. সুজন নামের দুজন চট্টগ্রাম মহানগর হাকিম নূর-এ-আলম ভূঁইয়ার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
রফিক পাঁচলাইশ হিলভিউ এলাকায় এক ব্যক্তির ব্যক্তিগত গাড়িচালক এবং সুজন পাঠানটুলি এলাকায় কাঠমিস্ত্রীর কাজ করেন। আজিজের স্ত্রী রেশমা ইসি মোড় এলাকায় একটি ইংলিশ মিডিয়াম স্কুলে আয়ার কাজ করেন। ওই স্কুলে রফিকের মালিকের ছেলে পড়ার সুবাদে সেখানে যাওয়া-আসা থেকে তাদের সম্পর্ক হয়।
গত রোববার সকালে নগরীর সদরঘাট থানার পোড়া মসজিদ এলাকায় আব্দুল আজিজকে মাথার পেছন থেকে আঘাত করে হত্যা করে তিন মটরসাইকেল আরোহী।
এ ঘটনায় রফিক (২৪) ও সুজন (২২) ছাড়াও আজিজের স্ত্রী রেশমা বেগমকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার রাতে হিলভিউ আবাসিক এলাকা থেকে রফিক, নগরীর চৌমুহনী এলাকা থেকে সুজন এবং মিস্ত্রি পাড়ার বাসা থেকে রেশমাকে গ্রেপ্তার করা হয় বলে নাজির জানান।
রফিক ও সুজন সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন জানিয়ে এসআই নাজির বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত মটরসাইকেল ও অপর আসামি মামুনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গ্রেপ্তারদের জবানবন্দির বরাত দিয়ে তিনি বলেন, “মালিকের ছেলেকে স্কুলে দিতে গিয়ে রেশমার সঙ্গে রফিকের পরিচয় হয় এবং তারা দুজন প্রেমে জড়িয়ে পড়েন।”
“রেশমা বিবাহিত ছিল বিষয়টি রফিক জানতেন না। প্রায় তিন মাস আগে রেশমা তাকে জানায়, এক ব্যক্তি তাকে বিভিন্ন সময় বিরক্ত করার পাশাপাশি বিয়ের প্রস্তাব দিয়েছে এবং রাজি না হলে তাকে এসিড মারার হুমকিও দিয়েছে। এর কিছুদিন পর রেশমা রফিককে আজিজের একটি ছবি দেয় এবং দূর থেকে দেখিয়ে দেয়।”
রফিক সুজনের সঙ্গে পরামর্শ করে এবং মামুন নামে এক মটরসাইকেল চালককে ভাড়া করে রোজার সময় এবং তার আগে আরও তিনবার আজিজকে হত্যার চেষ্টা করেন বলে জবানবন্দিতে স্বীকার করেছেন।
“জবানবন্দিতে রফিক নিজেই দা দিয়ে আজিজের মাথায় আঘাত করেছে বলে স্বীকার করেছে,” বলেন এসআই নাজির।
