গাজীপুরে স্মরণ অনুষ্ঠান চলাকালে যুবলীগ নেতা খুন
গাজীপুরের কালিয়াকৈরে জাতীয় শোক দিবস ও ২১ অগাস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ অনুষ্ঠান চলাকালে প্রতিপক্ষের হামলায় এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।
নিহত মো. রফিকুল ইসলাম (৫০) কালিয়াকৈর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি। তিনি উপজেলার টেংরাবাড়ি এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।
কালিয়াকৈর থানার ওসি মো. ওমর ফারুক জানান, শুক্রবার বিকালে চন্দ্রা এলাকার জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ মাঠে সভা চলার সময় পাশের এক চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
হামলায় রফিকুলের সঙ্গে থাকা কালিয়াকৈর পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হোসেন আলীসহ কমপক্ষে তিনজন আহত হয়েছেন।
নিহত যুবলীগ নেতা মো. রফিকুল ইসলাম
“এ সময় ১০-১২ জন যুবক তার উপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।”
তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্মরণসভায় সভাপতিত্ব করেন কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের ৫ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল আজিজ। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
হোসেন বলেন, রফিকুলের মৃত্যুর খবরে সভাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়লে মোজাম্মেল হক বক্তব্য না রেখেই চলে যান।
ওসি ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কারা তার উপর হামলা চালিয়েছে, সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।”
স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, সম্প্রতি কালিয়াকৈর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমানের সঙ্গে দলীয় বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে রফিকুলের দ্বন্দ্ব চলছিল। এর জেরেই তার উপর এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে তাদের ধারণা।
এর আগে ১৫ অগাস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচিতে কুষ্টিয়ায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে এক যুবলীগকর্মী নিহত হন।
