সাতক্ষীরায় পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ একজন গুলিবিদ্ধ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন, যাকে ছিনতাইকারী বলে দাবি করছে পুলিশ।
শুক্রবার ভোরে কৃষ্ণনগর এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জেলা পুলিশের তথ্য কর্মকর্তা এস আই কামাল হোসেন জানান, এ ঘটনায় তিন পুলিশ সদস্যও আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গুলিবিদ্ধ শাহিন সরদার (৩৫) কালিগঞ্জ উপজেলার লক্ষিনাথপুর গ্রামের সোহেল উদ্দিন বাটুলের ছেলে। তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই কামাল জানান, বৃহস্পতিবার দুপুরে কালিগঞ্জ থানার চাচ্ড়ার মোড়ে কৃষ্ণনগর গ্রামের নির্মল চন্দ্র ঘোষকে পথে আটকিয়ে কয়েকজন ছিনতাইকারী ছয় লাখ টাকা ছিনতাই করে পালাচ্ছিল।
“ওই সময় টহল পুলিশ ও স্থানীয়রা শাহিনকে আটক করে। এ সময় শাহিনের সঙ্গীরা পালিয়ে যায়। পরে শাহিনের কাছ থেকে ছিনতাইয়ের চার লাখ ৭৯ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।”
এ ঘটনায় নির্মল বাদী হয়ে শাহিনসহ অজ্ঞাত পরিচয় কয়েকজনের বিরুদ্ধে কালিগঞ্জ থানার একটি মামলা করেছেন বলে জানান এসআই কামাল।
তিনি আরও জানান, শাহিনকে জিজ্ঞাসাবাদের পর বাকিদের ধরতে শুক্রবার ভোরে তাকে সঙ্গে নিয়ে কৃষ্ণনগর গ্রামে অভিযান চালায় পুলিশ।
“এ সময় সেখানে ওৎ পেতে থাকা শাহিনের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ও গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এক পর্যায়ে আসামিরা পালিয়ে যায়।
“আসামিদের ছোড়া গুলিতে শাহিন সরদার দুই পায়ে গুলিবিদ্ধ হন ও তিন পুলিশ সদস্য আহত হন।”
এসআই কামাল জানান, আহত পুলিশ সদস্যদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুটি বন্দুকের কার্তুজের খোসা, দুটি বন্দুকের তাজা গুলি ও দুটি রামদা উদ্ধার করা হয় বলেও জানান তিনি।
