কর আদায় না হলে ভর্তুকি নয়: নাছির
চট্টগ্রাম সিটি করপোরেশনের ট্যাক্স আদায় না হলে ভর্তুকি দিয়ে স্বাস্থ্য ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালানো অসম্ভব বলে মন্তব্য করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দিন।
তিনি বলেছেন, “সিটি করপোরেশন জনগণকে সেবা দেওয়ার প্রতিষ্ঠান। কিন্তু সেবা দিতে গেলে তো অর্থের প্রয়োজন। ট্যাক্স আদায় না হলে অর্থ আসবে কোত্থেকে?
“শিক্ষা ও স্বাস্থ্যখাতে যথাক্রমে ৩২ কোটি ও ১২ কোটি টাকা প্রতিবছর ভর্তুকি দিতে হচ্ছে। ট্যাক্স আদায় না হলে এ বিপুল পরিমাণ ভর্তুকি দেয়া সিসিসির পক্ষে অসম্ভব।”
বৃহস্পতিবার নগর ভবনে সিসিসির প্যানেল মেয়র নির্বাচনের ফল ঘোষণা শেষে দেওয়া বক্তব্যে এ কথা বলেন সিটি মেয়র।
দেনার ভারে জর্জরিত এই সিটি করপোরেশনের আয় বাড়াতে সিসিসির সম্পদগুলোকে আয়বর্ধক প্রকল্পে রূপান্তরিত করার পরিকল্পনা চলছে বলে জানান তিনি।
নাছির বলেন, টাকার অভাবে যদি সিসিসি তার কর্মচারীদের বেতন পরিশোধ করতে না পারে তখন চারিদিকে সমালোচনা শুরু হয়ে যাবে।
প্যানেল মেয়র নির্বাচনের ফল ঘোষণা করে মেয়র বলেন, দলীয়, ধর্মীয়, আঞ্চলিকতা সবকিছুর ঊর্ধ্বে উঠে সব কাউন্সিলরদের নিয়ে চট্টগ্রামের উন্নয়নকে এগিয়ে নিতে নেব।
“আপনারা সবাই নির্বাচিত কাউন্সিলর, এটাই আমার কাছে আপনাদের বড় পরিচয়। আর অন্য কোনো পরিচয় আমার কাছে প্রাধান্য পাবে না। পিছিয়ে পড়া এলাকাতে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কাজ চালানো হবে”।
আগামী রোববার সিসিসির ১৪টি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নির্বাচন করা হবে বলেও জানান মেয়র।
চট্টগ্রামকে ‘গ্রিন সিটি’তে রূপান্তরে বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা নেওয়া হবে বলেও জানান তিনি।
নাছির বলেন, নগরীকে পরিচ্ছন্ন রাখতে আগামী সেপ্টেম্বর মাস থেকে ময়লা-আবর্জনা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলার জন্য সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত নতুন সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এরপর রাতের বেলা পরিচ্ছন্ন কর্মীরা আর্বজনা অপসারণ করবে।
“সময় সীমার বাইরে কেউ ময়লা-আবর্জনা ফেললে তাকে জরিমানা ও প্রয়োজনে শাস্তি প্রদান করা হবে, সেই যেই হোন না কেন।”
