আশুলিয়ায় গাঁজাসহ ২ মাদক বিক্রেতা গ্রেপ্তার
ঢাকার আশুলিয়ায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে আশুলিয়ার বঙ্গবন্ধু সড়কে একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে গাঁজা উদ্ধার এবং ওই দুই জনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন আশুলিয়া থানার ওসি মোস্তফা কামাল।
গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুর রশিদ (৩০) ও কামাল হোসেন (৩২)।
ওসি মোস্তফা কামাল বলেন, গোপন খবর পেয়ে অটোরিকশাটিতে তল্লাশি করে চটের বস্তা দিয়ে পেঁচানো ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার করা হয় দুই মাদক বিক্রেতাকে।
“এ সময় চালক অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।”
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা করেছে এবং গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
