র্যাব জমি পাচ্ছে কেরানীগঞ্জে
ঢাকার কামরাঙ্গীরচরে নয়, স্থায়ী প্রধান কার্যালয়ের জন্য কেরানীগঞ্জে জমি পাচ্ছে র্যাব-১০।
বুধবার সচিবালয়ে ‘বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু, তুরাগ ও দেশের গুরুত্বপূর্ণ নদীর নাব্যতা এবং গতিপ্রবাহ অব্যাহত রাখা সংক্রান্ত টাস্কফোর্সের’ সভায় এই সিদ্ধান্ত হয়।
সভা শেষে নৌমন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের বলেন, র্যাব ও নৌ পুলিশকে জায়গা বরাদ্দ নিয়ে সমস্যা ছিল। তাদেরকে কেরানীগঞ্জে জায়গা দেওয়া হবে।
ঢাকার জেলা প্রশাসক, বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও কেরানীগঞ্জের চেয়ারম্যান র্যাবকে ১০ একর এবং নৌ পুলিশকে পাঁচ একর জায়গা কোথায় জায়গা দেওয়া যায় তা ঠিক করবেন বলে জানান মন্ত্রী।
“নদীর পাড়ে জায়গা বরাদ্দ দেওয়া নিয়ে সমস্যা ছিল, আজকে সেই সমস্যার সমাধান হল।”
৯৮ লাখ ১৮ হাজার ১৩৮ টাকার ২০০৭ সালে কামরাঙ্গীরচরে সাত একর জায়গা র্যাবকে বন্দোবস্ত দেওয়া হয়। কিন্তু পরিবেশবাদীদের সমালোচনার মুখে গত বছরের ২৬ মে সরকার ওই সিদ্ধান্ত থেকে সরে আসে।
এরপর গত বছরের ১২ নভেম্বর নদী রক্ষা সংক্রান্ত এই টাস্কফোর্সের বৈঠকে কামরাঙ্গীরচরেই র্যাবকে জমি দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। এখন তা আবার বদলালো।
লালবাগ-কামরাঙ্গীরচরের মাঝ দিয়ে প্রবাহিত বুড়িগঙ্গার শাখা নদীর ওপর ওই জমি ভবন তৈরির জন্য বরাদ্দ দেওয়ার সমালোচনা করে আসছিলেন পরিবেশবাদীরা।
বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ২০০৪ সালে র্যাব এই সংক্রান্ত প্রস্তাব দিলে ভূমি মন্ত্রণালয় ২০০৫ সালে তা অনুমোদন দেয়। ২০০৭ সালে তৎকালীন সরকার জমির দখল র্যাবকে বুঝিয়ে দেয়।
দাতা হিসাবে বন্দোবস্ত দলিলে স্বাক্ষর করেন ঢাকা জেলা প্রশাসক। অন্যদিকে স্বরাষ্ট্র সচিবের পক্ষে দলিলে স্বাক্ষর করেন র্যাব-১০-এর পরিচালক এস এম কামাল উদ্দিন।
পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সাংসদ সানজিদা খানম ছাড়াও সভায় র্যাব, পুলিশ, সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অবৈধ দখল ঠেকাতে ঢাকার চারপাশে ২০ কিলোমিটার হাঁটার পথ (ওয়াকওয়ে) নির্মাণ করা হয়েছে জানিয়ে শাজাহান খান বলেন, আরও ৫০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণে কার্যাদেশ হাতে নেওয়া হয়েছে।
রাজধানীর চারপাশে মোট ১৪০ কিলোমিটার ওয়াকওয়ে রয়েছে জানিয়ে নৌমন্ত্রী বলেন, পুরোটাই ওয়াকওয়ে করা হবে।
এই টাস্কফোর্স ইতোমধ্যে ১৮০ একর অবৈধ জমি উদ্ধার করেছে জানিয়ে মন্ত্রী বলেন, ৮২৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে ২১৮টি মামলা হয়েছে।
ঢাকার চারপাশে চারটি নদীর অবৈধ দখল উচ্ছেদে আকস্মিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে বলেও জানান শাজাহান খান।
সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী বলেন, ঢাকায় ৪৩টি খালের অস্তিত্ব পাওয়া যায়নি, ২৩টি খাল খুঁজে পেয়েছি। এরমধ্যে তিনটি উদ্ধার করেছি।
বাকী খালগুলো উদ্ধারের পরিকল্পনা আছে জানিয়ে শাজাহান খান বলেন, সময় এবং অর্থ দুটোই প্রয়োজন। তবে ঢাকার ১৩টি খাল উদ্ধারে পরিকল্পনা করা হয়েছে।
