এ কে এ মোমেনের চুক্তির মেয়াদ বাড়ল ৮১ দিন
জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি এ কে আব্দুল মোমেনের চুক্তির মেয়াদ আরও ৮১ দিন বাড়িয়েছে সরকার।
এছাড়া বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সদস্য, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কনসালের চুক্তির মেয়াদও বাড়ানো হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এসব বিষয়ে আলাদা আলাদা আদেশ জারি করে।
আব্দুল মোমেনের চুক্তির মেয়াদ গত ১১ অগাস্ট থেকে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।
২০০৯ সালের ১১ অগাস্ট জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসাবে চুক্তিতে নিয়োগ পান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ভাই মোমেন।
এরপর ২০১১ সালের ১০ অগাস্ট, ২০১৩ সালের ১০ জুলাই এবং ২০১৪ সালের ১৩ অগাস্ট তিন দফায় তার চুক্তির মেয়াদ বাড়ে। সরকার এনিয়ে চতুর্থবারের মত মোমেনের চুক্তির মেয়াদ বাড়াল।
এদিকে, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আবুল কাসেমের চুক্তির মেয়াদ আরও এক বছরের জন্য বেড়েছে। ২০১১ সালের ৭ জুলাই ওইপদে চুক্তিতে নিয়োগ পেয়েছিলেন তিনি।
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সদস্য পরিচালক হিসাবে চুক্তিতে নিয়োজিত মো. রফিকুল ইসলাম মন্ডলকে চুক্তিতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।
বিএআরস’র সদস্য পরিচালক হিসাবে রফিকুলের চুক্তি ১৯ অগাস্ট থেকে বাতিল করে তাকে ২০১৭ সালের ১১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কনসাল (কাউন্সেলর) মো. সাহেদুল ইসলামের চুক্তির মেয়াদ আগামী ১১ অক্টোবর থেকে পরবর্তী দুই বছরের জন্য বেড়েছে।
চলতি বছরের ৪ জুন ওই পদে চুক্তিতে নিয়োগ পান তিনি।
