২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটি টাকা উদ্ধার: এসবির এসআইসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জে প্রাইভেটকার থেকে এক কোটি ৩৩ লাখ টাকা উদ্ধারের ঘটনায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক উপ পরিদর্শক ও যুবদল নেতাসহ সাত জনকে আসামি করে মামলা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2015, 08:43 PM

Updated : 22 Aug 2022, 01:02 PM

বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থানার উপ-পরিদর্শক আহসান হাবিব বাদী হয়ে মঙ্গলবার বিকালে মামলাটি করেন।

আসামিরা হলেন- এসবির উপ-পরিদর্শক ছানোয়ার হোসেন (৩৫), সিরাজগঞ্জ জেলা যুবদল সভাপতি আবু সাঈদ সুইট (৪৫),যুবদল কর্মী সেলিম আহম্মেদ (৩৭), যুবদলকর্মী কুদরত-ই-খোদা রাজিব (৩৫), যুবদলকর্মী হুমায়ুন কবির (৪০), মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাঁশগাঁও গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে প্রাইভেটকার চালক বাবু ওরফে যুবরাজ (২৮) ও রাজশাহীর দুর্গাপুর থানার দেবীপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক (২৮)।

এসআই আহসান হাবিব বলেন, অন্য আসামিদের নির্দেশে টাকাগুলো সিরাজগঞ্জ শহরের চামড়াপট্টি থেকে প্রাইভেটকারে করে ঢাকায় নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন জানিয়েছে। এ টাকা নাশকতা, চোরাচালান, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহার হত।

মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু সেতু থেকে এক কোটি ৩৩ লাখ ১৭ হাজার ৫০০ টাকাসহ একটি প্রাইভেটকার আটক করে পুলিশ। সে সময় গাড়িতে থাকা দুজন টাকা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিতে না পারায় তাদের গ্রেপ্তার করা হয়।

পুরনো খবর:

সিরাজগঞ্জে কোটি টাকাসহ ২ যুবক গ্রেপ্তার