২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে কোটি টাকাসহ ২ যুবক গ্রেপ্তার

সিরাজগঞ্জে এক কোটি ৩৩ লাখ টাকাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2015, 08:56 PM

Updated : 22 Aug 2022, 01:02 PM

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থানার ওসি হেলাল উদ্দিন জানান, মঙ্গলবার দুপুরে সেতুর উপর থেকে প্রাইভেট কারসহ দুজনকে আটক করা হয়।

এরা হলেন- রাজশাহীর দেবীপুরের খলিলুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক (২৮) ও মুন্সীগঞ্জের গজারিয়া এলাকার রফিকুল ইসলামের ছেলে বাবু ইসলাম (২৮)। পরের জন প্রাইভেটকারটির চালক।

ওসি হেলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকামুখী ওই প্রাইভেটকারটিকে সেতুর পশ্চিম গোল চত্বরে কর্তব্যরত পুলিশ থামার সঙ্কেত দিলেও তা অমান্য করে সেতুর উপরে উঠে যায়। পরে পুলিশ গাড়িটির গতিরোধ করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় নিয়ে যায়।

“প্রাইভেট কারটিতে তল্লাশি চালিয়ে এক কোটি ৩৩ লাখ ১৭ হাজার ৫০০ নগদ টাকা পাওয়া যায়। গাড়িতে থাকা দুজন ওই টাকার বিষয়ে সন্তোষজনক তথ্য না দিতে পারায় তাদের আটক করা হয়েছে।”

এ ঘটনায় মামলা করে দুজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।