২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ের পাশে ঘুমিয়ে ছিল, লাশ পাওয়া গেল পুকুরে

মায়ের পাশে ঘুমিয়ে থাকা আট মাস বয়সী এক মেয়ে নিখোঁজ হওয়ার কয়েকঘণ্টা পর লাশ পাওয়া গেছে বাড়ির পুকুরে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2015, 05:25 PM

Updated : 22 Aug 2022, 01:03 PM

মঙ্গলবার মধ্যরাতে বরিশালের উজিরপুর উপজেলার হস্তিশুন্ড গ্রামে ঘটে এ ঘটনা।

মৃত মরিয়ম (৮ মাস) ওই গ্রামের ইমরান হোসেনের মেয়ে। ইমরান ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে থাকত শিশুটি।

জমি সংক্রান্ত বিরোধের জেরে শিশুটিকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

উজিরপুর থানার ওসি নূরুল ইসলাম বলেন, প্রতিদিনের মতো মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েন মা ফাতেমা বেগম। মধ্যরাতে দেখেন মেয়ে পাশে নেই, দারজাও খোলা।

“অনেক খোঁজাখুঁজি করে শিশুটিকে না পেয়ে পুলিশে খরব দেওয়া হয়। পুলিশ গিয়ে ভোর রাতে বাড়ির আঙিনার একটি পুকুর থেকে শিশুর ভাসমান লাশ উদ্ধার করে।”

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দাদা নূরুল ইসলাম ও চাচা আবু সুফিয়ানকে আটক করে থানায় নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এছাড়া জমিজমা সংক্রান্ত বিরোধের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।